একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল অবকাঠামোর ব্যবহার বাড়িয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মান ও রেটিংয়ের উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার সম্ভাবনার কথাও তুলে ধরেছেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উপলক্ষে গতকাল বুধবার (১৮ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব পরিকল্পনার কথা জানান। রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার কারণে সরাসরি অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার সঙ্গে শিল্প খাতের বড় ধরনের সংযোগ স্থাপন বর্তমান সরকারের অন্যতম কর্মসূচি। এ নিয়ে সরকারের একটি বড় পরিকল্পনা রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও বড় পরিসরে গবেষণার সূচনা এবং শিল্প খাতের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার সুযোগ তৈরি করতে চান তাঁরা।
তিনি বলেন, ‘আমি আশা করি, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের গবেষণার সূচনা করতে পারব এবং ইন্ডাস্ট্রির সঙ্গে মিলে কাজ করতে পারব। এগ্রিকালচারের সঙ্গে মিলে কাজ করতে পারব, মেরিনের সঙ্গে মিলে কাজ করতে পারব।’
সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক সম্পদ ও গবেষণার ক্ষেত্র বিবেচনায় শিল্প, কৃষি ও সামুদ্রিক অর্থনীতির সঙ্গে একাডেমিক কার্যক্রমের সংযোগের ব্যাপক সুযোগ রয়েছে। বিশেষ করে সামুদ্রিক সম্পদ, মৎস্য, জীববৈচিত্র্য, কৃষি উদ্ভাবন এবং শিল্পপ্রযুক্তি নিয়ে গবেষণার ফল বাণিজ্যিক ও উৎপাদনমুখী কাজে ব্যবহারের সম্ভাবনা রয়েছে। মন্ত্রীর বক্তব্যে এসব খাতের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে সমন্বিত করার সরকারি পরিকল্পনার বিষয়টি সামনে এসেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্ভাবনার কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়টির রয়েছে সমৃদ্ধ অ্যালামনাই, অভিজ্ঞ শিক্ষক এবং অনন্য প্রাকৃতিক পরিবেশ। পাহাড়, সমুদ্র ও নদীবেষ্টিত এই বিশ্ববিদ্যালয়ের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এসব সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিক্ষা ও গবেষণার কার্যক্রমকে আরও উন্নত পর্যায়ে নেওয়ার জন্য সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ অগ্রগতিতে প্রযুক্তির ব্যবহারকে বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল অবকাঠামোর মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আগামী দিনে ভালো আন্তর্জাতিক রেটিং এবং উচ্চতর অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব বলে তিনি বিশ্বাস করেন।
এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, সাবেক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে মুক্ত আলোচনা আয়োজনের আহ্বান জানান তিনি। তাঁর মতে, বিশ্ববিদ্যালয়কে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বিদ্যমান সম্ভাবনা, গবেষণার ক্ষেত্র এবং প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে সম্মিলিতভাবে আলোচনা করা জরুরি।
অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে না পারায় আক্ষেপ প্রকাশ করে আমির খসরু বলেন, রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার কারণে হীরকজয়ন্তীর আয়োজনে অংশ নিতে পারেননি। উপস্থিত থাকতে পারলে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করার সুযোগ হতো।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।