মূল সংবাদে যান

সর্বশেষ

অপরাধ

পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের পিকআপ চুরি, ৩ ঘণ্টায় উদ্ধার

চট্টগ্রাম নগরে জেলা পুলিশ লাইনের সামনে সড়কের পাশে রাখা পুলিশের একটি পিকআপ ভ্যান চুরি হয়েছে। দুপুরে টহল শেষে গাড়ি পার্কিং করে পাশের রেস্তোরাঁয় ভাত খেতে গিয়েছিলেন তিন পুলিশ সদস্য।

আমাদের বাংলা সম্পাদকীয় দল

খাবার খেয়ে ফিরে এসে দেখেন, তাঁদের পিকআপ ভ্যানটি উধাও। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি নকল চাবি ব্যবহার করে অনায়াসে গাড়িটি স্টার্ট দিয়ে নিয়ে যাচ্ছেন। তবে ঘটনার প্রায় তিন ঘণ্টার মধ্যে দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ফকিন্নীর হাট এলাকা থেকে গাড়িটি উদ্ধার করে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে নগরের হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টার দিকে পিকআপটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ।

পুলিশ সূত্রে জানা গেছে, হালিশহর থানার টহল দলের তিন সদস্য একটি পুরোনো সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে দায়িত্ব পালন করছিলেন। একপর্যায়ে তাঁরা জেলা পুলিশ লাইনের সামনে সড়কের পাশে গাড়িটি রেখে পাশের একটি রেস্তোরাঁয় খাবার খেতে যান। দুপুর পৌনে ৩টার দিকে ফিরে এসে দেখেন, নির্ধারিত স্থানে পিকআপটি নেই। মুহূর্তেই বিষয়টি পুলিশ সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি করে।

পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা শুরু করেন সংশ্লিষ্টরা। ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি পিকআপটির কাছে এসে নকল চাবি দিয়ে দরজা খুলে গাড়িটি স্টার্ট দেন। এরপর দ্রুত সেটি চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

সিএমপির সহকারী কমিশনার আমিনুর রশিদ বলেন, ‘হালিশহর থানার টহল দলের সদস্যরা একটি পুরোনো পিকআপ ভ্যান নিয়ে দায়িত্ব পালন করছিলেন। সম্ভবত তিনজন সদস্য ছিলেন। তাঁরা গাড়িটি পুলিশ লাইনের সামনে রেখে পাশের রেস্তোরাঁয় খাবার খেতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন, গাড়িটি নেই। সিসিটিভি ফুটেজে একজনকে নকল চাবি ব্যবহার করে গাড়িটি নিয়ে যেতে দেখা গেছে।’

তিনি আরও জানান, গাড়িটি উদ্ধারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করে। পরে সন্ধ্যা ৬টার দিকে কর্ণফুলী উপজেলার ফকিন্নীর হাট এলাকা থেকে পিকআপটি উদ্ধার করা হয়।

খোদ পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের গাড়ি চুরির ঘটনায় নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে নকল চাবি ব্যবহার করে ব্যস্ত সড়ক থেকে পুলিশের পিকআপ নিয়ে যাওয়ার ঘটনায় গাড়ি নিরাপত্তা ও দায়িত্ব পালনের সময় পার্কিং ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে দ্রুত গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। গাড়ি চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও আটকের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

সম্পর্কিত বিষয়

  • পিকআপ ভ্যান

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন