ফোনে বলা হয়েছে, ‘আজ বাড়িতে গুলি করেছি, কাল তোমার শরীরে গুলি করব। কাফনের কাপড় কিনে রাখো।’
এ ঘটনায় ব্যবসায়ী ও তাঁর পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকায় এ ঘটনা ঘটে। দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত এসে বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষের জানালা লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে জানালার কাচ ভেঙে গেলেও ওই কক্ষে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
ভুক্তভোগী জাফর আহমেদের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। তিনি বায়েজিদ এলাকায় বসবাস করেন। মূলত জায়গা-জমির ব্যবসা করেন তিনি। ব্যবসায়ী মো. জাফর আহমদের অভিযোগ, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলম ওরফে রায়হান উদ্দিন ওরফে শুটার রায়হানের নাম ব্যবহার করে তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। টাকা না দেওয়ায় রায়হানের সহযোগীরা বাড়িতে গুলি চালিয়েছে। ঘটনার পর আবার ফোন করে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
জাফর আহমদ জানান, প্রায় ১০ মাস আগে মুঠোফোনে কল করে তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। তখন তিনি ও তাঁর স্ত্রী চিকিৎসার জন্য ভারতে ছিলেন। বিষয়টি দেশে ফিরে পুলিশকে জানিয়েছিলেন। এরপর দীর্ঘদিন কোনো যোগাযোগ না থাকলেও গত বুধবার আবার ফোন করে চাঁদা দাবি ও হুমকি দেওয়া হয়।
সর্বশেষ রবিবার রাতে বাড়িতে গুলি চালানোর পর তাঁকে ফোন করে হুমকি দেওয়া হয়। স্ত্রী ক্যানসারে আক্রান্ত, নিজেও মস্তিষ্কে রক্তক্ষরণজনিত স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। কিন্তু এসব কথা আমলে না নিয়ে চাঁদার দাবিতে অনড় থাকেন ওই ব্যক্তি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে দুটি মোটরসাইকেলে চারজন এসে বাড়িটি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। স্থানীয় বাসিন্দারা পাঁচ থেকে ছয়টি গুলির শব্দ শুনেছেন। পরে ঘটনাস্থল থেকে চারটি পিস্তলের গুলির খোসা ও একটি রাইফেলের কার্তুজের খোসা উদ্ধার করে পুলিশ। গুলিতে ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষের জানালার কাচ ভেঙে যায়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন বলেন, দুটি মোটরসাইকেলে করে চারজন এসে বাড়িটি লক্ষ্য করে গুলি ছুড়ে চলে যায়। ভুক্তভোগী জাফর আহমদ ভূমি কেনাবেচার সঙ্গে যুক্ত। তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ওসি বলেন, চাঁদা দাবির ঘটনায় ব্যবহৃত একটি মুঠোফোন নম্বর ও অডিও রেকর্ডিং পুলিশের হাতে এসেছে। প্রযুক্তির সহায়তায় সেগুলো যাচাই করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাড়ির মালিককে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তিনি পরিবারের সঙ্গে আলোচনা করে মামলা করার কথা জানিয়েছেন।
পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলম ওরফে রায়হান উদ্দিন ওরফে শুটার রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫টির বেশি মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিদেশে অবস্থানরত সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত তিনি।
অভিযোগ রয়েছে, বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন এলাকায় ব্যবসায়ী, ভূমি ব্যবসায়ী ও ভবন মালিকদের কাছে বড় অঙ্কের চাঁদা দাবি করেন রায়হান ও তাঁর সহযোগীরা। বড় সাজ্জাদের হয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজির কার্যক্রম পরিচালনার অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ডেভিড ইমন গ্রেপ্তার হওয়ার পর রায়হান চাঁদাবাজির কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ রয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রায়হান দাবি করেছেন, তাঁর নাম ব্যবহার করে অন্যরা এসব অপকর্ম করছে। ফলে শহীদনগরের ঘটনায় তাঁর প্রত্যক্ষ সম্পৃক্ততা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, পাহাড়ি এলাকার পথঘাট সম্পর্কে ভালো ধারণা এবং প্রযুক্তি ব্যবহার করে অবস্থান গোপন রাখার কারণে তাঁকে গ্রেপ্তার করা কঠিন হয়ে পড়েছে। তাঁর সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
চট্টগ্রাম নগরে সাম্প্রতিক সময়ে চাঁদা দাবিকে কেন্দ্র করে ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যক্তিগত বাসাবাড়িতে হামলা, ভাঙচুর এবং গুলির ঘটনায় উদ্বেগ বাড়ছে। এর আগে নগরের চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাসায় চাঁদা না পেয়ে একাধিকবার গুলি চালানোর অভিযোগ উঠেছিল। বিভিন্ন এলাকায় ব্যবসায়ী ও ভবন মালিকদের কাছে বড় অঙ্কের চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকির ঘটনাও সামনে এসেছে।
শহীদনগরের সর্বশেষ ঘটনাটি এসব অভিযোগের সঙ্গে নতুন করে উদ্বেগ যুক্ত করেছে। বিশেষ করে চাঁদা না দেওয়ায় আবাসিক ভবনে গুলি চালানো এবং এরপর ফোন করে পরদিন সরাসরি গুলি করার হুমকি দেওয়ার ঘটনা নগরবাসীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।