মূল সংবাদে যান

সর্বশেষ

অর্থ বাণিজ্য

ভূমি অধিগ্রহণে দুর্নীতি-দালালচক্র ঠেকাতে চালু হলো ‘লার্মস’

কক্সবাজার ও সিলেটে পাইলটিং শুরু, অনলাইনে ক্ষতিপূরণের তথ্য ও অর্থ পাবেন ভূমির মালিকরা; দ্রুত দেশজুড়ে সম্প্রসারণের পরিকল্পনা ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল প্রক্রিয়ায় দীর্ঘদিনের দুর্নীতি, দালালচক্রের দৌরাত্ম্য এবং ক্ষতিপূরণের অর্থ ছাড়ে দীর্ঘসূত্রিতা বন্ধ করতে চালু হয়েছে পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যবস্থাপনা পদ্ধতি ‘লার্মস’ (LARMS)।

আমাদের বাংলা সম্পাদকীয় দল

ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় তৈরি এ সফটওয়্যারের পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে কক্সবাজার ও সিলেট জেলায়। এর মাধ্যমে ভূমি অধিগ্রহণের আবেদন, জমির মালিকানা যাচাই, ক্ষতিপূরণ নির্ধারণ থেকে অর্থ পরিশোধ পর্যন্ত পুরো প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

গতকাল রোববার (১৫ নভেম্বর) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কক্সবাজার ও সিলেট জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’ (LARMS) নামের এ সফটওয়্যারের পাইলটিং কার্যক্রম উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল প্রক্রিয়ায় বছরের পর বছর ধরে চলে আসা অনিয়ম, প্রশাসনিক জটিলতা এবং সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে সরকার প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিচ্ছে। লার্মস চালুর মাধ্যমে আবেদন গ্রহণ, জমির রেকর্ড যাচাই-বাছাই, ক্ষতিপূরণ নির্ধারণ এবং অর্থ পরিশোধের মতো গুরুত্বপূর্ণ প্রতিটি ধাপ স্বচ্ছ, দ্রুত ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় সম্পন্ন করা সম্ভব হবে।

মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, প্রাথমিকভাবে কক্সবাজার ও সিলেটে এ ব্যবস্থার পাইলটিং শুরু হয়েছে। এখানকার কারিগরি অভিজ্ঞতা ও কার্যকারিতা পর্যালোচনা করে দ্রুত সারা দেশে এটি সম্প্রসারণ করা হবে। এর ফলে প্রকৃত ভূমির মালিকদের ক্ষতিপূরণের অর্থ পেতে দালালের দ্বারস্থ হতে হবে না। তাঁরা ঘরে বসেই অনলাইনে ক্ষতিপূরণের অর্থ ও আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন।

বিশেষ অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী বলেন, প্রচলিত অধিগ্রহণ ব্যবস্থায় ডিজিটাল তদারকির অভাবে সাধারণ ভূমি মালিকদের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমেও নানা সমস্যা দেখা দিত। লার্মসের মাধ্যমে পুরো প্রক্রিয়া অটোমেশনের আওতায় আসবে। এতে অধিগ্রহণ ও হুকুম দখলের কার্যক্রম কয়েক দিনের মধ্যে নির্ভুলভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মো. পারভেজ হাসান।

অনুষ্ঠানে কক্সবাজার ও সিলেট জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তা, প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ দল এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়

  • LARMS

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন