ঘোষিত প্রিন্টিং মেশিনের পরিবর্তে পাওয়া গেছে বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী এবং ৪০ লাখ ৮০ হাজার পিস জাল সিগারেটের স্ট্যাম্প। এসব জাল স্ট্যাম্প ব্যবহার করে অবৈধভাবে সিগারেট উৎপাদন ও বাজারজাত করা হলে সরকার হারাতে পারত প্রায় ৪৩ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব। প্রসাধনী সামগ্রীর শুল্ক-কর ফাঁকির হিসাবসহ পুরো চালানে সম্ভাব্য রাজস্ব ঝুঁকির পরিমাণ প্রায় ৪৬ কোটি টাকা।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও চট্টগ্রাম কাস্টমস হাউসের এআইআর শাখার যৌথ গোয়েন্দা নজরদারি ও অভিযানে এ চাঞ্চল্যকর জালিয়াতি উদ্ঘাটিত হয়েছে। গত ৫ নভেম্বর চালানটির কায়িক পরীক্ষায় এসব পণ্য শনাক্ত করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, এটি শুধু পণ্যের ভুল ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকির ঘটনা নয়, বরং জাল স্ট্যাম্পের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট উৎপাদন ও বাজারজাতের একটি বড় ঝুঁকিও সামনে এনেছে।
এনবিআর সূত্রে জানা গেছে, ঢাকার যমুনা ফিউচার পার্কের লেভেল-৩, ব্লক-এ, শপ নম্বর ৩ঈ০০৪অ ঠিকানায় অবস্থিত ‘চায়না মার্ট’ নামের প্রতিষ্ঠানটি চালানটি আমদানি করে। গত ৯ আগস্ট ২০২৬ তারিখে কনটেইনারটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। আমদানি নথিতে পণ্য হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল ‘প্রিন্টিং মেশিন’। তবে গোয়েন্দা নজরদারিতে রাখার পর গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিআইসি ও চট্টগ্রাম কাস্টমস হাউসের এআইআর শাখার কর্মকর্তারা যৌথভাবে চালানটি পরীক্ষা করেন। এতে ঘোষণার সঙ্গে বাস্তব পণ্যের কোনো মিল পাওয়া যায়নি।
কাস্টমস সূত্র জানায়, কনটেইনার থেকে উদ্ধার করা হয়েছে ৪০ লাখ ৮০ হাজার পিস জাল সিগারেটের স্ট্যাম্প। এসব স্ট্যাম্প নিম্নস্তরের ২০ শলাকার সিগারেটের প্যাকেটে ব্যবহারের উপযোগী। অর্থাৎ, এগুলো ব্যবহার করে বিপুল পরিমাণ সিগারেট উৎপাদন ও বাজারজাতের সুযোগ ছিল। এতে একদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হতো, অন্যদিকে শুল্ক-কর পরিশোধ করে বৈধভাবে ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো অসম প্রতিযোগিতার মুখে পড়ত।
চালানটির সবচেয়ে উদ্বেগজনক দিক হচ্ছে, এতে পাওয়া জাল স্ট্যাম্পের মাধ্যমে সম্ভাব্য রাজস্ব ক্ষতির পরিমাণ। দেশে নিম্নস্তরের ২০ শলাকার একটি সিগারেটের নির্ধারিত খুচরা মূল্য ১৩০ টাকা। এর বিপরীতে সরকার রাজস্ব পায় ১০৬ টাকা ৬০ পয়সা। সেই হিসাবে উদ্ধার করা জাল স্ট্যাম্প ব্যবহার করে সংশ্লিষ্ট পরিমাণ সিগারেট উৎপাদন ও বাজারজাত করা হলে সরকারের প্রায় ৪৩ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব ক্ষতি হতে পারত।
অন্যদিকে, একই চালানে পাওয়া বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রীর আমদানি শুল্ক ও কর বাবদ প্রাথমিক হিসাবে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব ফাঁকির বিষয়টি চিহ্নিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দুই খাত মিলিয়ে সম্ভাব্য রাজস্ব ঝুঁকির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪৬ কোটি টাকা।
সংশ্লিষ্টদের মতে, জাল স্ট্যাম্পের ব্যবহার কেবল রাজস্ব ফাঁকির মধ্যেই সীমাবদ্ধ নয়। এর মাধ্যমে উৎপাদিত সিগারেট বৈধ পণ্যের সঙ্গে মিশে বাজারজাত হলে সরকারের রাজস্ব আদায়ের প্রকৃত হিসাবেও অসংগতি তৈরি হতে পারে। একই সঙ্গে বৈধ তামাকজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বাজার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
কাস্টমস হাউস চট্টগ্রামের ডেপুটি কমিশনার মো. তারেক মাহমুদ বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল ও চট্টগ্রাম কাস্টমস হাউসের এআইআর শাখা যৌথভাবে চালানটি আটক করে কায়িক পরীক্ষা করেছে। গত বৃহস্পতিবার পরীক্ষা সম্পন্ন হয়েছে। আমরা চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করছি। চূড়ান্ত প্রতিবেদনে শুল্ক-কর ফাঁকি এবং এ ঘটনায় জড়িতদের বিষয়ে বিস্তারিত উপস্থাপন করা হবে।
এনবিআর জানিয়েছে, আমদানি-রপ্তানি বাণিজ্যে পণ্যের ভুল ঘোষণা, শুল্ক-কর ফাঁকি এবং অবৈধ পণ্য বাজারজাতকরণ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও ঝুঁকিভিত্তিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।