মূল সংবাদে যান

সর্বশেষ

অপরাধ

চট্টগ্রাম ষোলশহরে যুবককে গুলি, অভিযোগ বড় সাজ্জাদ বাহিনীর বিরুদ্ধে

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ষোলশহর ফরেস্ট গেট এলাকায় ইমতিয়াজ সুলতান ইকরাম (২৮) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পেছনে হাসিনা মঞ্জিলের কাছে এ ঘটনা ঘটে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল

গুলিবিদ্ধ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগীদের দায়ী করেছেন আহতের স্ত্রী সূচি। তবে গুলির ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে দুটি মোটরসাইকেলে করে পাঁচজন যুবক এসে ইকরামকে লক্ষ্য করে গুলি চালায়। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। গুরুতর আহত ইকরামকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।

আহত ইকরাম মহানগরের মুরাদপুর এলাকার মো. ইসহাক মিয়ার ছেলে। ঘটনার পর তার স্ত্রী সূচি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে অভিযোগ করেন, বড় সাজ্জাদ বাহিনীর সদস্যরা তার স্বামীকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে। দীর্ঘদিন ধরে তারা ওই বাহিনীর কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়ে আসছেন বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে হাসপাতালে স্বামীর সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।

সূচির দাবি, চট্টগ্রামের অপরাধজগতের পরিচিত মুখ ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি শপিংমল থেকে পুলিশে ধরিয়ে দেওয়ার পর থেকেই তাদের সঙ্গে বিরোধের সূত্রপাত। এরপর থেকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছিল। সোমবার দুপুরে বাবার বাসার নিচে গলিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইকরামের ওপর হামলা হয়। হামলাকারীদের মধ্যে রায়হান, সাবের ও ইসমাইলকে তার স্বামী চিনতে পেরেছেন বলেও দাবি করেন সূচি। এ ঘটনায় পাঁচলাইশ থানায় আগে থেকেই তাদের বিরুদ্ধে দুটি মামলা চলমান রয়েছে বলে জানান তিনি। নতুন করে গুলির ঘটনায়ও মামলা করবেন বলে জানিয়েছেন।

পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ফরেস্ট গেটের পূর্ব পাশে দুটি মোটরসাইকেলে এসে পাঁচজন ইকরামকে গুলি করে চলে যায়। হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। কেন বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। তবে হামলার কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জানা যায়, ২০০০ সালের ১২ জুলাই বহদ্দারহাটে সন্ত্রাসী হামলায় ৬ ছাত্রলীগ কর্মীসহ আটজন নিহত হন। সেই ঘটনায় করা মামলায় সাজ্জাদ আলী (বড় সাজ্জাদ) সাজাপ্রাপ্ত হলেও পরে উচ্চ আদালত থেকে খালাস পান। এরপর তিনি বিদেশে পালিয়ে যান। তবে সন্ত্রাসী কর্মকাণ্ড থামাননি। বিদেশ থেকে তার বাহিনীর মাধ্যমে বায়েজিদ, পাঁচলাইশ, চান্দগাঁও ও হাটহাজারীতে অপরাধ পরিচালনা করে আসছেন। তার এসব কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন সাজ্জাদ হোসেন (ছোট সাজ্জাদ)।

গত বছরের ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা সিটি শপিংমল থেকে ছোট সাজ্জাদকে পুলিশে ধরিয়ে দেন কয়েকজন লোক। এর আগে ২৯ জানুয়ারি তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেন নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ। গ্রেফতারের পর থেকে কারাগারে আছেন ছোট সাজ্জাদ। ছোট সাজ্জাদ মূলত সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের বিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ ১৭টি মামলা রয়েছে। বড় সাজ্জাদের হয়ে নগরের বায়েজিদ বোস্তামী, পাঁচলাইশ, চান্দগাঁও ও হাটহাজারীতে আধিপত্য বজায় রাখতে অপরাধ সংঘটিত করতেন ছোট সাজ্জাদ।

পুলিশ জানায়, ছোট সাজ্জাদের বাহিনীতে রয়েছেন ২৫ জন সক্রিয় সদস্য। তাকে গত বছরের ১৫ মার্চ ঢাকার শপিংমল থেকে গ্রেফতার করা হয়। এরপর বাহিনীর হাল ধরেন পাঁচ সহযোগী। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে সংঘটিত খুনের ঘটনায় উঠেছে সাজ্জাদের ঘনিষ্ঠ সহচর মোহাম্মদ রায়হানের নাম। তিনি রাউজানের মৃত বদিউল আলমের ছেলে। মাদকের মামলায় একাধিকবার কারাগারে যান। সেখানে ছোট সাজ্জাদের সঙ্গে তার পরিচয় হয়।

গত ৩০ মার্চ বাকলিয়া এক্সেস রোডে জোড়া খুন, ১১ এপ্রিল রাউজানে যুবদল কর্মী ইব্রাহিম হত্যা, ২৩ মে ঢাকাইয়া আকবর খুনসহ আট মামলার আসামি রায়হান। সাজ্জাদের আরেক সহযোগী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ফটিকছড়ির কাঞ্চনগরের মো. মুসার ছেলে। জোড়া খুন ও ঢাকাইয়া আকবর হত্যা মামলাসহ সাত মামলার আসামি। অস্ত্র পরিচালনায় পারদর্শী। পুলিশ জানিয়েছে, তার পুরোনো ছবিতে ১৫-২০টি অস্ত্র বহনের প্রমাণ রয়েছে। জোড়া খুনের ঘটনায় সন্ত্রাসী ও মোটরসাইকেল ভাড়া করে এনেছিলেন তিনিই। গত ২৯ জুলাই তাকেও গ্রেফতার করেছে পুলিশ।

মোহাম্মদ বোরহানও জোড়া খুন ও ঢাকাইয়া আকবর হত্যাসহ আট মামলার আসামি। তিনি বড় সাজ্জাদের নির্দেশে নির্মাণাধীন ভবন ও কারখানা থেকে চাঁদা আদায় করেন। চাঁদা না দিলে অস্ত্র দেখিয়ে ভয় দেখানো এবং গুলি করার কাজ করেন দলের সদস্যরা। বোরহান নগরের ২ নম্বর গেট এলাকার খায়রুল আলমের ছেলে। অন্যদিকে রাউজানের খোরশেদ এবং বায়েজিদের চালিতাতলির মোহাম্মদ ওরফে ভাতিজা মোহাম্মদের বিরুদ্ধেও হত্যা ও অস্ত্র মামলাসহ পাঁচটি করে মামলা রয়েছে। তারা সবাই সাজ্জাদের সহযোগী।

পুলিশ সূত্রে জানা গেছে, বড় সাজ্জাদ বাহিনীর অন্যতম সদস্য হিসেবে পরিচিত সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের সঙ্গে ইকরাম ও তার স্ত্রী সূচির বিরোধ ছিল। ২০২৫ সালের মার্চ মাসে ঢাকার একটি শপিংমল থেকে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে, ইকরামের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বায়েজিদ বোস্তামী এলাকার লিংক রোড থেকে তৎকালীন র‌্যাব-৭ তাকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছিল।

স্থানীয় সূত্রের অভিযোগ, ইকরাম নগরের অপরাধজগতের পরিচিত ব্যক্তিদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। গুলিতে নিহত সরোয়ার বাবলার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিতির পাশাপাশি ম্যাক্সন ও ফিরোজের সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। আলোচিত স্কুলছাত্রী তাসফিয়া হত্যা মামলারও এজাহারভুক্ত আসামি ছিলেন তিনি। এ ছাড়া মধ্যপ্রাচ্যে অবস্থানকালে বিদেশি নম্বর ও বিভিন্ন অনলাইন যোগাযোগমাধ্যম ব্যবহার করে বায়েজিদ, অক্সিজেন ও মুরাদপুর এলাকার ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। একসময় ‘রিচ কিডস’ নামে একটি কিশোর গ্যাং পরিচালনার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন