মূল সংবাদে যান

সর্বশেষ

বিশ্ব

চট্টগ্রাম, নোয়াখালী ও সিলেট ফিরিয়ে নেওয়ার দাবি বিজেপি সাংসদের

বাংলাদেশের ভূখণ্ড চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট ভারতের ফিরিয়ে নেওয়া উচিত বলে দাবি করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সংসদ সদস্য নিশিকান্ত দুবে। তাঁর অভিযোগ, দেশভাগের সময় ভারতের সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এসব ভূখণ্ড পাকিস্তানের হাতে তুলে দিয়েছিলেন।

আমাদের বাংলা সম্পাদকীয় দল

চট্টগ্রাম বন্দরে প্রবেশাধিকার হারানোর কারণে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বিতর্কিত মন্তব্য করেন ঝাড়খণ্ডের গোড্ডা আসনের এই লোকসভা সদস্য।

ত্রিপুরার ভারতভুক্তির প্রসঙ্গ টেনে নিশিকান্ত দুবে বলেন, দেশভাগের সময় ত্রিপুরার সঙ্গে ঐতিহাসিকভাবে যুক্ত কিছু অঞ্চল রাজপরিবারের সঙ্গে আলোচনা না করেই পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়েছিল। তাঁর দাবি, ১৯৪৮ থেকে ১৯৪৯ সালের মধ্যে ত্রিপুরা ভারতের অংশ হলেও নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম পাকিস্তানকে দিয়ে দেওয়া হয়।

এ সিদ্ধান্তের ভিত্তি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, কীসের ভিত্তিতে এসব ভূখণ্ড পাকিস্তানকে দেওয়া হয়েছিল? র‌্যাডক্লিফ লাইন, নাকি ম্যাকমোহন লাইনের ভিত্তিতে?

ত্রিপুরার মহারাজা বীর বিক্রম দেবের মৃত্যুর প্রসঙ্গ টেনে বিজেপির এই সাংসদ অভিযোগ করেন, রাজ্যের কিছু অংশ হস্তান্তরের আগে মহারানি কাঞ্চন প্রভাকে বিষয়টি জানানো হয়নি। তাঁর ভাষ্য, রাজা ও রাজপরিবার ভারতের সঙ্গে থাকতে চাইলেও মহারানিকে অন্ধকারে রাখা হয়েছিল।

নিশিকান্ত দুবে আরও বলেন, পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন ভূখণ্ডের বিষয়টি শুধু কাশ্মীরে সীমাবদ্ধ নয়। তাঁর দাবি, ত্রিপুরার সঙ্গে ঐতিহাসিকভাবে যুক্ত কিছু অঞ্চল বর্তমানে বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছে। তাই শুধু কাশ্মীরই নয়, বাংলাদেশের নিয়ন্ত্রণেও ভারতের কিছু ভূখণ্ড রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

চট্টগ্রাম বন্দরকে ঘিরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনার প্রসঙ্গও তুলে ধরেন দুবে। তাঁর দাবি, চট্টগ্রাম বন্দরে প্রবেশাধিকার না থাকায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও অবকাঠামোগত উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। এই বন্দরে প্রবেশাধিকার পেলে অঞ্চলটি তার প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদ আরও কার্যকরভাবে কাজে লাগাতে পারত।

ভূখণ্ড পুনরুদ্ধারের দাবি জানিয়ে নিশিকান্ত দুবে বলেন, চট্টগ্রাম, নোয়াখালী ও সিলেট, যেগুলো তাঁর ভাষায় নেহরু পাকিস্তানকে উপহার দিয়েছিলেন, সেগুলো ফিরিয়ে নেওয়ার সময় এসেছে। এসব ভূখণ্ড ফিরে পেলেই ভারতের সার্বিক উন্নয়ন সম্ভব হবে বলেও দাবি করেন তিনি।

তবে বাংলাদেশের সার্বভৌম ভূখণ্ড নিয়ে ভারতের ক্ষমতাসীন দলের একজন সংসদ সদস্যের এমন দাবি দুই দেশের ঐতিহাসিক সীমান্ত ও ভূখণ্ডগত বাস্তবতার প্রেক্ষাপটে বিতর্ক তৈরি করতে পারে।

সম্পর্কিত বিষয়

  • বিজেপি

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন