তিনি বলেন, মুখে ইসলামের কথা বললেও এসব দলের নির্বাচনি ইশতেহার ও দলীয় কর্মকাণ্ডে তার প্রতিফলন নেই। ধর্মের নাম ব্যবহার করে রাজনীতি করে দেশে বিভক্তি সৃষ্টির চেষ্টা চলছে। শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়িতে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার দুই দিনব্যাপী ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী আদর্শের দল দাবি করা রাজনৈতিক দলগুলোর দলীয় মনোগ্রাম থেকে ‘আকিমুদ দ্বীন’ শব্দটি বাদ দেওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহ’ সংযোজন করেছিলেন। জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সব ধর্ম ও জনগোষ্ঠীর মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায় বিএনপি।
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হেফাজতে ইসলাম বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক সংগঠন হওয়া সত্ত্বেও হেফাজতে ইসলাম দ্বীনের পক্ষে, দেশের পক্ষে এবং ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছিল। এ আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীসহ আলেম-ওলামারা।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ২৩ বছর সময় লেগেছে। আর ফ্যাসিবাদী শাসন থেকে জনগণকে মুক্ত করতে লেগেছে ১৬ থেকে ১৭ বছর। এ সময়ে আলেম-ওলামা, ছাত্রসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ হয়েছেন। অনেকে গুম, হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন।
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী ওই গণ-অভ্যুত্থানে ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন। এর আগে ১৬-১৭ বছরের শাসনামলে প্রায় ৩ হাজার মানুষ গুমের শিকার হয়েছেন। বিভিন্নভাবে হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার হয়েছেন প্রায় ৭ হাজার মানুষ। এ ছাড়া লাখ লাখ মানুষ হামলা-মামলার মাধ্যমে নিপীড়িত হয়েছেন। শাপলা চত্বরের ঘটনায় নিহত অনেকের নাম ও কবরের ঠিকানাও এখনো শনাক্ত করা যায়নি।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে নির্যাতন-নিপীড়নের প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, যারা অন্যায়, দুঃশাসন ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য মানুষের রক্ত ঝরিয়েছে, তাদের এ দেশের মানুষ আর রাজনীতিতে ফিরতে দেবে না। গণহত্যায় জড়িত ব্যক্তিরা দুঃখ প্রকাশ ও অনুশোচনা না করা পর্যন্ত তাদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই। দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন না। দেশের তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টার পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, দেশে কিছু দুষ্কৃতকারী ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করছে। একইভাবে শিল্প খাতে অস্থিরতা তৈরির অপচেষ্টাও চলছে। সরকারের গঠনমূলক সমালোচনা করা যেতে পারে, তবে দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে অসহযোগিতা করা যাবে না।
জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী দীর্ঘ আলোচনা-পর্যালোচনার মাধ্যমে প্রণীত জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের বিষয়টি পুনঃস্থাপন করা হবে। ইসলামী মূল্যবোধের বিষয়গুলোও সংবিধানে ধারণ করা হবে। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করবে। পাশাপাশি আলেম-ওলামা ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নেও গুরুত্ব দেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। এ সময় উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, সরওয়ার আলমগীর ও হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলা পুলিশ সুপার মাসুদ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।