মূল সংবাদে যান

সর্বশেষ

অর্থ বাণিজ্য

হকারমুক্ত, যানজটমুক্ত বাণিজ্যনগরী গড়তে চায় চট্টগ্রাম চেম্বার

ডিলিং লাইসেন্সের নামে হয়রানি বন্ধ, প্যাকেজ ভ্যাট চালু ও যত্রতত্র মেলার অনুমতি না দেওয়ার দাবি ব্যবসায়ীদের; মার্কেটের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের আহ্বান চেম্বার সভাপতি। চট্টগ্রামের বাণিজ্যিক এলাকার ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে হকারমুক্ত নগরী গড়ে তোলার উদ্যোগ নিতে যাচ্ছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

আমাদের বাংলা সম্পাদকীয় দল

একই সঙ্গে ডিলিং লাইসেন্সের নামে প্রশাসনিক হয়রানি বন্ধ, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য আগের মতো প্যাকেজ ভ্যাট চালু এবং যত্রতত্র মেলা আয়োজনের অনুমতি না দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে সংগঠনটি।

ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকারি দপ্তর ও সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন চেম্বার সভাপতি আমিরুল হক। ৯ নভেম্বর দুপুরে নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন, নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে হকাররা ব্যবসা পরিচালনা করছেন। এতে ক্রেতা-বিক্রেতাদের চলাচলে বিঘ্ন ঘটছে। পাশাপাশি মার্কেট ও শপিংমলকেন্দ্রিক বৈধ ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। তাদের অভিযোগ, এসব হকারের অনেকেই কোনো ধরনের ট্যাক্স-ভ্যাট পরিশোধ না করেই ব্যবসা করছেন। ফলে বৈধ ব্যবসায়ীদের সঙ্গে অসম প্রতিযোগিতার পরিস্থিতি তৈরি হচ্ছে।

ব্যবসায়ীদের এসব সমস্যা শুনে চেম্বার সভাপতি আমিরুল হক বলেন, চট্টগ্রামকে আধুনিক, সুশৃঙ্খল ও ব্যবসাবান্ধব বাণিজ্যনগরী হিসেবে গড়ে তুলতে চেম্বার নিরলসভাবে কাজ করছে। ব্যবসায়ীদের সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষা, ব্যবসা পরিচালনার প্রতিবন্ধকতা দূর করা এবং নগরের বাণিজ্যিক কার্যক্রম গতিশীল করতে চেম্বার সবসময় পাশে থাকবে।

তিনি বলেন, মার্কেট অ্যাসোসিয়েশনগুলোর উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সংস্থার সঙ্গে আলোচনা করে স্থায়ী সমাধানের চেষ্টা করা হবে। ব্যবসায়ী নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্মিলিত উদ্যোগেই পরিচ্ছন্ন, যানজটমুক্ত, হকারমুক্ত ও ব্যবসাবান্ধব বাণিজ্যনগরী গড়ে তোলা সম্ভব।

সভায় ডিলিং লাইসেন্সের নামে ব্যবসায়ীদের হয়রানি বন্ধ এবং যত্রতত্র মেলা আয়োজনের অনুমতি না দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন চেম্বার সভাপতি। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের স্বার্থে আগের মতো প্যাকেজ ভ্যাট ব্যবস্থা পুনর্বহালের লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গেও কাজ করার কথা জানান তিনি।

এদিকে, বিদ্যুৎ ব্যয় কমাতে মার্কেট ও শপিংমলের ছাদে নিজস্ব উদ্যোগে সৌরবিদ্যুৎ স্থাপনের আহ্বান জানান আমিরুল হক। তিনি বলেন, সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে মার্কেটগুলোর নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি নেট মিটারিং ব্যবস্থায় আর্থিকভাবেও লাভবান হওয়া সম্ভব। এতে নির্দিষ্ট সময়ে মার্কেট বন্ধ রাখার বাধ্যবাধকতা থেকেও ব্যবসায়ীরা মুক্ত থাকতে পারবেন।

চেম্বার সিনিয়র সহসভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী বলেন, ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানসহ সব শ্রেণির ব্যবসায়ীর পাশে থেকে কাজ করছে চেম্বার। সম্মিলিত প্রচেষ্টায় যেকোনো সমস্যা সমাধানে সংগঠনটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। ভবিষ্যতেও ব্যবসায়ীদের যৌক্তিক সমস্যা সমাধানে চেম্বার কাজ করবে।

সভায় ব্যবসায়ী নেতারা সরকারি ছুটির দিনগুলোতে এলাকাভিত্তিক মার্কেট বন্ধ রাখার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়ার দাবি জানান। তাদের মতে, ছুটির দিনে মার্কেট খোলা বা বন্ধ রাখার বিষয়ে অস্পষ্টতা থাকায় ব্যবসায়ীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এ বিষয়ে চেম্বারের হস্তক্ষেপ কামনা করেন তারা।

মতবিনিময় সভায় চেম্বারের প্রাক্তন সিনিয়র সহসভাপতি এম এ ছালাম, পরিচালক মো. আফসার হাসান চৌধুরী (জসিম), আসাদ ইফতেখার, সহসভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন, পরিচালক এস এম সাইফুল আলম, কামাল মোস্তফা চৌধুরী, মোহাম্মদ নুরুল ইসলাম ও মো. সেলিম নুরসহ বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

বক্তব্য দেন টেরিবাজার দোকান মালিক সমিতির সভাপতি এম এ মান্নান, ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল আলম, সেন্ট্রাল প্লাজা ব্যবসায়ী সমিতির মনির হোসেন, তামাকুমণ্ডি লেইন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ অন্যরা।

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন