মূল সংবাদে যান

সর্বশেষ

অপরাধ

রাষ্ট্রদ্রোহ ও সহিংসতায় উসকানির মামলায় পুলিশ সুপার জাহাংগীর গ্রেপ্তার, ৪ দিনের রিমান্ড

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে গ্রেপ্তার; মোবাইল ফোন হ্যাক করে ফাঁসানোর দাবি স্ত্রীর, ডিসেম্বরে মাঠে নামার বার্তা পাওয়ার কথা পুলিশের রাষ্ট্রদ্রোহিতা ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং দাঙ্গা-সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল

এ ঘটনায় দায়ের করা মামলায় আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড চাওয়া হলেও গতকাল শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা এ আদেশ দেন। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

গত শনিবার নগরের পাঁচলাইশ থানায় ১৮৬০ সালের দণ্ডবিধির পৃথক দুটি ধারায় জাহাংগীর আলমের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবুল কাসেম চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন। ওই দিনই পাঁচলাইশ থানাধীন চট্টগ্রাম পুলিশ অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিইউ) ও পাঁচলাইশ থানা পুলিশের সমন্বয়ে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) রাসেল মাহমুদকে। গতকাল কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জাহাংগীর আলমকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ডিসেম্বরে মাঠে নামার বার্তা পাওয়ার দাবি পুলিশের

পুলিশের দাবি, জাহাংগীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। তাঁর মোবাইল ফোনে পাওয়া দুটি বার্তায় রাষ্ট্রদ্রোহিতা ও সরকারের বিরুদ্ধে উসকানির উপাদান রয়েছে বলে দাবি করেছে পুলিশ।

গতকাল নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, জাহাংগীর আলমের বিরুদ্ধে দুটি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। একটি রাষ্ট্রদ্রোহিতার, অন্যটি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও উসকানির। এ-সংক্রান্ত দুটি বার্তা পাওয়া গেছে।

ডিআইজি বলেন, একটি বার্তায় বলা হয়েছে, ‘ডিসেম্বরে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।’ অর্থাৎ আগের সরকারকে পুনর্বাসিত করার কথা বলা হয়েছে বলে পুলিশের ধারণা। অন্য একটি বার্তায় বলা হয়েছে, ‘ডিসেম্বরে জানবাজি রেখে সবাই মাঠে নামবে।’ এসব বার্তার ভিত্তিতেই ফৌজদারি মামলা করা হয়েছে।

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে জাহাংগীর আলমের বিরুদ্ধে মামলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

ষড়যন্ত্র করে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর

এদিকে জাহাংগীর আলমকে ষড়যন্ত্র করে মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন তাঁর স্ত্রী মাসুমা আক্তার। তাঁর অভিযোগ, স্বামীর মুঠোফোন হ্যাক করে বিভিন্ন বার্তা পাঠানো হয়েছে। গতকাল আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব দাবি করেন।

মাসুমা আক্তার বলেন, তাঁর স্বামী নির্দোষ এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে তাঁদের মনে হচ্ছে। তাঁর স্বামীর শিক্ষাগত যোগ্যতা ও চাকরিজীবন নিয়েও ভুল তথ্য প্রচার করা হচ্ছে।

তিনি বলেন, ‘আমার স্বামী একজন কৃষকের সন্তান। নিজের যোগ্যতায় চাকরিতে যোগ দিয়েছেন এবং চাকরি করেছেন। তাঁর অতীত কর্মস্থল, শিক্ষাগত যোগ্যতা ও কর্মজীবনের তথ্য যাচাই করা প্রয়োজন।’

আদালত প্রাঙ্গণে আইনজীবী-জনতার ভিড়

পুলিশ সুপার জাহাংগীর আলমকে আদালতে হাজির করা হবে—এমন খবর ছড়িয়ে পড়লে গতকাল দুপুর দেড়টা থেকে আদালত প্রাঙ্গণে আইনজীবীসহ উৎসুক মানুষের ভিড় জমে। সেখানে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী মাসুমা আক্তার। নিরাপত্তার দায়িত্বে ছিল সোয়াট টিমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

রিমান্ড শুনানি শেষে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে আদালত থেকে নিয়ে যায় স্পেশাল রেসপন্স ইউনিট। চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মফিজুল হক ভূঁইয়া বলেন, আদালত চার দিনের রিমান্ড মঞ্জুরের পাশাপাশি আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। শুনানিতে তিনি ছাড়াও প্রায় একশ আইনজীবী উপস্থিত ছিলেন।

১১ নভেম্বর থেকে নজরদারিতে ছিলেন

জাহাংগীর আলমের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগের বিষয়টি আলোচনায় আসে গত ১১ নভেম্বর। সেদিন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ রয়েছে। এ কারণে নগরের হালিশহরে জেলা পুলিশ লাইনের কার্যালয় থেকে তাঁর সরকারি ও ব্যক্তিগত দুটি মুঠোফোন জব্দ করা হয়। পাশাপাশি তাঁকে নজরদারিতে রাখা হয়েছিল। তবে তখন অভিযোগের বিস্তারিত প্রকাশ করা হয়নি।

সর্বশেষ গ্রেপ্তার ও মামলার পর পুলিশের পক্ষ থেকে অভিযোগের বিষয়টি সামনে আনা হয়। তবে জব্দ করা ফোনে পাওয়া বার্তাগুলোর উৎস, সেগুলো কে পাঠিয়েছেন এবং অভিযুক্ত কর্মকর্তার সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্তের বিষয় হিসেবে রয়েছে।

জাহাংগীর আলমের গ্রামের বাড়ি নরসিংদী জেলার শিবপুর থানার কুদ্দারপাড়া এলাকায়। ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সম্পর্কিত বিষয়

  • আরআরএফ এসপি

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন