অথচ মূল উড়ালসড়কে যান চলাচল শুরু হলেও প্রয়োজনীয় র্যাম্প ও সংযোগ সড়ক পুরোপুরি চালু না হওয়ায় এখনো মিলছে না প্রকল্পটির কাঙ্ক্ষিত সুফল।
২০২৫ সালে প্রতিদিন প্রায় ৩৯ হাজার ৩৮৮টি যানবাহন চলাচলের লক্ষ্যমাত্রা থাকলেও বাস্তবে চলেছে গড়ে মাত্র ৮ হাজার ১২১টি। অর্থাৎ লক্ষ্যমাত্রার মাত্র ২০ শতাংশ যানবাহন চলাচল করেছে। সব র্যাম্প চালু এবং ওঠানামার সংযোগ নির্বিঘ্ন করা গেলে নগরীর যানজট নিরসনে প্রকল্পটি কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে প্রকল্পটির ব্যয় আরও ১৪৪ কোটি ৬২ লাখ ৬০ হাজার টাকা বাড়ানো হয়েছে। এতে মোট ব্যয় দাঁড়িয়েছে ৩ হাজার ৫১৩ কোটি ৬৯ লাখ ৭০ হাজার ৮৭১ টাকা। শুরুতে প্রকল্পটির ব্যয় ছিল ২ হাজার ৭২০ কোটি ৪ লাখ ৬৭ হাজার ৭৬০ টাকা। সেই হিসাবে মূল অনুমোদিত ব্যয়ের তুলনায় এখন পর্যন্ত বেড়েছে ৭৯৩ কোটি ৬৫ লাখ ৩ হাজার ১১১ টাকা। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রকল্পের দ্বিতীয় ভেরিয়েশন ও ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
সিডিএ সূত্র জানায়, লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের ডব্লিউডি-১ প্যাকেজের আওতায় এই ব্যয় বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে। র্যাম্প নির্মাণ, ভূমি অধিগ্রহণসহ বিভিন্ন খাতে ব্যয় বেড়ে যাওয়ায় নতুন করে অর্থের প্রয়োজন হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে অবশিষ্ট কাজসহ নয়টি র্যাম্পের নির্মাণ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
প্রকল্পটির মূল অবকাঠামো নির্মাণ শেষ হওয়ার পর ২০২৪ সালের আগস্টে পরীক্ষামূলকভাবে যান চলাচল শুরু হয়। ২০২৫ সালের ৩ জানুয়ারি থেকে নিয়মিত যান চলাচল শুরু হলেও পূর্ণাঙ্গ ব্যবহারের সুযোগ তৈরি হয়নি। কারণ, নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে ওঠানামার জন্য প্রয়োজনীয় র্যাম্প ও সংযোগ সড়ক নির্মাণ এবং চালু করতে দীর্ঘ সময় লাগছে। শুরুতে ১৫টি র্যাম্প নির্মাণের পরিকল্পনা থাকলেও নকশা ও বাস্তবায়নগত জটিলতায় পরে তা কমিয়ে নয়টিতে আনা হয়।
প্রকল্পটির সম্ভাব্যতা ও যান চলাচলের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে প্রতিদিন গড়ে প্রায় ৩৯ হাজার ৩৮৮টি যানবাহন চলাচলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বাস্তবে ওই বছর দৈনিক গড়ে যান চলাচল করেছে মাত্র ৮ হাজার ১২১টি। অর্থাৎ প্রত্যাশিত যানবাহনের তুলনায় চলাচল করেছে প্রায় ৭৯ শতাংশ কম। ২০২৬ সালে যান চলাচল কিছুটা বাড়লেও র্যাম্পের সীমাবদ্ধতার কারণে প্রকল্পটির পূর্ণ সক্ষমতা ব্যবহার করা যাচ্ছে না।
সংশ্লিষ্টরা বলছেন, উড়ালসড়ক নির্মাণের মূল উদ্দেশ্য শুধু দ্রুতগতির একটি সড়ক তৈরি করা নয়; নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা থেকে যানবাহনের প্রবেশ ও বের হওয়ার সুযোগ তৈরি করাও জরুরি। কিন্তু সব র্যাম্প চালু না হওয়ায় অনেক যানবাহনকে নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে। এতে উড়ালসড়কের পাশাপাশি নগরীর প্রধান সড়কগুলোর ওপরও চাপ থেকে যাচ্ছে। বিশেষ করে বন্দর, ইপিজেড, বিমানবন্দর ও পতেঙ্গামুখী যানবাহনের নির্বিঘ্ন চলাচলের জন্য র্যাম্পগুলোর কার্যকর সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২০১৭ সালের জুলাইয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পাওয়া প্রকল্পটির প্রাথমিক বাস্তবায়নকাল ছিল তিন বছর। প্রথমদিকে ২০২০ সালের জুনের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ভূমি অধিগ্রহণ, নকশা পরিবর্তন, বিভিন্ন সরকারি সংস্থার আপত্তি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতার কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। কয়েক দফায় প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ানো হয়।
২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুযায়ী, প্রকল্পটির বাস্তবায়নকাল ২০১৭ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত রয়েছে। অর্থাৎ প্রাথমিকভাবে তিন বছরে শেষ করার পরিকল্পনা থাকলেও প্রকল্পটি বাস্তবায়নে প্রায় এক দশক সময় লেগেছে।
লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও পতেঙ্গা পর্যন্ত দ্রুত যোগাযোগ স্থাপন এবং চট্টগ্রাম বন্দর, ইপিজেড, দক্ষিণ চট্টগ্রাম ও নগরীর শিল্পাঞ্চলগুলোর সঙ্গে যোগাযোগ সহজ করাই প্রকল্পটির প্রধান উদ্দেশ্য। প্রায় ১৬ দশমিক ৫০ কিলোমিটার দীর্ঘ এবং ১৬ দশমিক ৫ মিটার প্রস্থের চার লেনবিশিষ্ট এই উড়ালসড়ক নগরীর যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রকল্প বাস্তবায়নে সরকার ৫২৪ কোটি টাকা ঋণ দিয়েছে। দুই শতাংশ সুদে ২০ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে। পাঁচ বছরের গ্রেস পিরিয়ড শেষে ২০২৮ সাল থেকে সুদসহ মোট ৬৫৪ কোটি টাকা পরিশোধের কথা রয়েছে। এই অর্থ পরিশোধের দায়িত্ব সিডিএর ওপর বর্তাবে। ফলে প্রকল্পটির ব্যয় বৃদ্ধি এবং বাস্তবায়নে দীর্ঘসূত্রতার পাশাপাশি ভবিষ্যতে ঋণ পরিশোধের বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রকল্পটি থেকে প্রত্যাশিত যান চলাচল ও আর্থিক সুফল নিশ্চিত না হলে এই দায় পরিশোধের চাপ সিডিএর ওপর পড়তে পারে।
সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ শেষ হবে। র্যাম্প নির্মাণ ও ভূমি অধিগ্রহণে ব্যয় বেড়েছে। এ কারণে প্রকল্পের ব্যয় কিছুটা বৃদ্ধি পেয়েছে। সরকার ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে। তবে ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার তাগিদ রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সবগুলো র্যাম্প চালু হলে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল বাড়বে। নগরীর প্রধান সড়কগুলোর ওপর চাপ কমার পাশাপাশি বন্দর, বিমানবন্দর, ইপিজেড ও দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে।