জেলার ৮৫ দশমিক ৮৯ শতাংশ অর্থনৈতিক প্রতিষ্ঠান পর্যাপ্ত মূলধনের অভাবে ভুগছে। সহজ শর্তে ঋণ না পাওয়া, উৎপাদন ব্যয় বৃদ্ধি, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকটও ব্যবসা সম্প্রসারণের পথে বড় প্রতিবন্ধকতা হয়ে উঠেছে। অথচ দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত এ জেলায় ৫ লাখ ৩২ হাজার ২৩৮টি অর্থনৈতিক প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে ২০ লাখ ৫৯ হাজার ৩৫১ মানুষের।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অর্থনৈতিক শুমারি ২০২৪-এর চূড়ান্ত জেলা প্রতিবেদনে চট্টগ্রামের অর্থনীতির এ চিত্র উঠে এসেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে জেলা পরিসংখ্যান কার্যালয় আয়োজিত এক সেমিনারে প্রতিবেদনটির তথ্য প্রকাশ করা হয়। এতে দেখা যায়, চট্টগ্রামের অর্থনীতির মূল চালিকাশক্তি বড় শিল্পপ্রতিষ্ঠান নয়; বরং মাইক্রো, কুটির ও ক্ষুদ্র উদ্যোগ।
শুমারির তথ্য অনুযায়ী, জেলার মোট অর্থনৈতিক ইউনিটের ৬৭ দশমিক ৪৪ শতাংশ মাইক্রো শিল্প এবং ২৫ দশমিক ৬৪ শতাংশ কুটির শিল্প। ক্ষুদ্র শিল্পের অংশ ৬ দশমিক ২৮ শতাংশ। অন্যদিকে মাঝারি শিল্পের হার মাত্র শূন্য দশমিক ৪৭ শতাংশ এবং বৃহৎ শিল্পের অংশ শূন্য দশমিক ১৭ শতাংশ। অর্থাৎ মাঝারি ও বৃহৎ শিল্প মিলিয়ে মোট অর্থনৈতিক ইউনিটের এক শতাংশেরও কম। এ পরিসংখ্যান চট্টগ্রামের অর্থনীতিতে বৃহৎ শিল্পের তুলনায় ক্ষুদ্র উদ্যোগের ব্যাপক বিস্তার এবং শিল্পের আকারগত সীমাবদ্ধতাকে সামনে এনেছে।
খাতভিত্তিক চিত্রেও উৎপাদনশিল্পের প্রাধান্য স্পষ্ট। জেলার মোট অর্থনৈতিক ইউনিটের ৪৪ দশমিক ১৮ শতাংশ উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং খাতের। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাইকারি ও খুচরা ব্যবসা, যার অংশ ২১ দশমিক ৫৭ শতাংশ। পাশাপাশি শিক্ষা, মানবস্বাস্থ্য, আবাসন ও খাদ্যসেবা, আর্থিক ও বিমা এবং অন্যান্য সেবা খাতেও উল্লেখযোগ্য অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।
তবে প্রতিষ্ঠানগুলোর সংখ্যাগত বিস্তারের বিপরীতে আর্থিক সক্ষমতার দুর্বলতা উদ্বেগজনক। শুমারিতে ৮৫ দশমিক ৮৯ শতাংশ প্রতিষ্ঠান পর্যাপ্ত মূলধনের অভাবের কথা জানিয়েছে। অর্থাৎ বিপুলসংখ্যক উদ্যোক্তা ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে পারছেন না। ব্যাংকঋণ পাওয়ার জটিলতা এবং সহজ শর্তে অর্থায়নের সুযোগের সীমাবদ্ধতা এ সংকটকে আরও গভীর করছে। এর সঙ্গে উৎপাদন ব্যয় বৃদ্ধি ও জ্বালানির অনিশ্চয়তা যুক্ত হয়ে উদ্যোক্তাদের প্রতিযোগিতার সক্ষমতাও কমিয়ে দিচ্ছে।
জেলার অর্থনৈতিক ইউনিটগুলোর ধরন বিশ্লেষণে দেখা যায়, মোট প্রতিষ্ঠানের মধ্যে ৩ লাখ ৪৮ হাজার ৪৩টি স্থায়ী, ৩৬ হাজার ৪০৪টি অস্থায়ী এবং ১ লাখ ৪৭ হাজার ৭৯১টি খানাভিত্তিক অর্থনৈতিক ইউনিট। অর্থাৎ উল্লেখযোগ্যসংখ্যক অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে পরিবার বা খানাভিত্তিক উদ্যোগের মাধ্যমে। এসব উদ্যোগের বড় অংশের প্রাতিষ্ঠানিক অর্থায়ন, ব্যবসা সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা কতটা রয়েছে, সেটিও অর্থনৈতিক পরিকল্পনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।
কর্মসংস্থানের পরিসংখ্যানে দেখা যায়, এসব প্রতিষ্ঠানে কর্মরত ২০ লাখ ৫৯ হাজার ৩৫১ জনের মধ্যে পুরুষ ৭৯ শতাংশ এবং নারী ২১ শতাংশ। অর্থাৎ নারীর অংশগ্রহণের সুযোগ থাকলেও অর্থনৈতিক কর্মকাণ্ডে পুরুষের তুলনায় তাঁদের অংশগ্রহণ এখনো অনেক কম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, সঠিক পরিকল্পনা ও নীতি প্রণয়নের জন্য সঠিক পরিসংখ্যানের কোনো বিকল্প নেই। চট্টগ্রাম ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র হওয়ায় অর্থনৈতিক শুমারি ২০২৪-এর প্রতিবেদন এ জেলার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জুনায়েত কাউছার বলেন, অর্থনৈতিক শুমারি ২০২৪-এর প্রতিবেদন চট্টগ্রাম জেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রতিবেদনের মাধ্যমে জেলার সামগ্রিক অর্থনৈতিক চিত্র প্রতিফলিত হয়েছে।
মূল প্রবন্ধ উপস্থাপনকালে বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াহিদুর রহমান অর্থনৈতিক শুমারির লক্ষ্য, উদ্দেশ্য, আওতা, বাস্তবায়ন প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ ফলাফল তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশ স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) প্রণয়নের কার্যক্রমের বিষয়েও বিস্তারিত আলোচনা করেন।
অর্থনৈতিক শুমারির ফলাফল প্রকাশের পাশাপাশি সেমিনারে গুরুত্ব পায় বাংলাদেশ স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) প্রণয়নের উদ্যোগ। বিবিএস প্রথমবারের মতো এ কার্যক্রম শুরু করেছে। এর মাধ্যমে দেশের শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর একটি নির্ভরযোগ্য ও নিয়মিত হালনাগাদযোগ্য তথ্যভাণ্ডার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
এ রেজিস্টারে প্রতিষ্ঠানগুলোর মৌলিক তথ্য সংরক্ষণ, ব্যবসায়িক কর্মকাণ্ড পর্যবেক্ষণ এবং ভবিষ্যৎ অর্থনৈতিক জরিপ ও শুমারির জন্য নির্ভুল নমুনা কাঠামো প্রস্তুত করা সম্ভব হবে। ফলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিপ্রকৃতি বিশ্লেষণ এবং পরিকল্পনা প্রণয়নে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক ছরওয়ার কামাল টারজান। সমাপনী বক্তব্যে তিনি বলেন, বিবিএস প্রথমবারের মতো বাংলাদেশ স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্টারের কার্যক্রম শুরু করেছে। এটি দেশের অর্থনৈতিক তথ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।