প্রায় চার লাখ বর্গফুট জায়গাজুড়ে আয়োজিত এ মেলায় ২০টি প্যাভিলিয়ন, একটি অ্যাসোসিয়েট কান্ট্রি জোন ও ২১৬টি স্টলে অংশ নিচ্ছে ৩০০টির বেশি প্রতিষ্ঠান। দেশীয় উদ্যোক্তাদের পাশাপাশি ভারত, পাকিস্তান, চীন ও থাইল্যান্ডের ব্যবসায়ীরাও তাঁদের পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন।
আগমীকাল শুক্রবার বিকেল ৩টায় মেলার উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।
গতকাল বুধবার (১৮ নভেম্বর) দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন চেম্বারের সাবেক সভাপতি ও ৩২তম মেলা কমিটির উপদেষ্টা আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী।
লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৯৩ সাল থেকে দেশীয় পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করে আসছে চেম্বার। এ ধারাবাহিকতায় এবারও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পাশাপাশি প্রতিষ্ঠিত শিল্পপ্রতিষ্ঠানগুলো তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাবে। চট্টগ্রাম মহানগরসহ বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন জেলা-উপজেলার বিপুলসংখ্যক দর্শনার্থী মেলায় আসবেন বলে আশা করছেন আয়োজকেরা।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। প্রবেশ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। এবারের মেলার লে-আউট নতুনভাবে সাজানো হয়েছে। দর্শনার্থীদের জন্য থাকবে দৃষ্টিনন্দন প্রবেশগেট, ফুডজোন, মসজিদ, ছাউনিসহ ক্যানোপি এবং বসার ব্যবস্থা। শিশুদের জন্য দুটি স্থানে প্লে-জোন স্থাপন করা হচ্ছে।
দর্শনার্থীদের সুবিধার্থে নারী ও পুরুষের জন্য পৃথক নামাজের ব্যবস্থা, পরিচ্ছন্ন টয়লেট, নবজাতকের মায়েদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার এবং প্রাথমিক চিকিৎসার জন্য মেডিকেল ক্যাম্প রাখা হয়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কয়েকটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে বিনা মূল্যে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।
মেলার নিরাপত্তায় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বেসরকারি নিরাপত্তাকর্মীরা ২৪ ঘণ্টা নিয়োজিত থাকবেন। মেলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। অগ্নিদুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিসের একটি দল গাড়িসহ সার্বক্ষণিক অবস্থান করবে।
আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ হিসেবে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের মেলা পরিদর্শনের আমন্ত্রণ জানাচ্ছে চেম্বার। আয়োজকদের আশা, তাঁদের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশি পণ্যের বিদেশি বাজার সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হবে। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারাও মেলা পরিদর্শন করবেন।
এ ছাড়া অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেরা প্যাভিলিয়ন, স্টল এবং দেশীয় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নির্বাচন করে বিশেষ পদক ও সনদ দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক, মেলা কমিটির চেয়ারম্যান এস এম সাইফুল আলম, কো-চেয়ারম্যান আমান উল্লাহ আল সগির (ছুট্টু) ও আবু হায়দার চৌধুরী (আমজাদ), চেম্বারের পরিচালক ও মেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।