মূল সংবাদে যান

সর্বশেষ

খেলা ও বিনোদন

প্রীতি ফুটবলে চট্টগ্রাম প্রেস ক্লাবকে ৩-১ গোলে হারাল র‌্যাব-৭

চট্টগ্রাম প্রেস ক্লাব ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)-৭, চট্টগ্রামের মধ্যে উৎসবমুখর পরিবেশে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জমজমাট এ ম্যাচে চট্টগ্রাম প্রেস ক্লাবকে ৩-১ গোলে পরাজিত করে জয় তুলে নেয় র‌্যাব-৭।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
প্রীতি ফুটবলে চট্টগ্রাম প্রেস ক্লাবকে ৩-১ গোলে হারাল র‌্যাব-৭

শনিবার (১ আগস্ট) বিকেলে নগরীর পতেঙ্গা এলাকায় র‌্যাব-৭-এর সদর দপ্তরের সংরক্ষিত খেলার মাঠে অনুষ্ঠিত ম্যাচে দুই দলের খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য ফুটবল উপহার দেন।

প্রীতি ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনওয়াজ।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, ক্রীড়া সম্পাদক রুবেল খান, ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক সাইফুল্লাহ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, ক্রীড়া উপ-কমিটির সদস্য মনিরুল ইসলাম পারভেজ ও ফারুক মুনিরসহ র‌্যাব-৭-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ম্যাচের প্রথমার্ধে দুর্দান্ত এক গোল করে র‌্যাব-৭ এগিয়ে যায় ১-০ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক খেলায় সমতায় ফেরে চট্টগ্রাম প্রেস ক্লাব। দলের পক্ষে গোল করেন সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ। সমতায় ফেরার পর ম্যাচে উত্তেজনা আরও বেড়ে যায়। শেষ মুহূর্তে ধারাবাহিক দুই গোল করে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে র‌্যাব-৭। রেফারির শেষ বাঁশি বাজতেই উল্লাসে মেতে ওঠেন র‌্যাব সদস্যরা।

র‌্যাব-৭-এর পক্ষে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান দুটি এবং অপস অফিসার এ আর এম মোজাফ্ফর হোসেন একটি গোল করেন। প্রেস ক্লাবের একমাত্র গোলটি করেন গোলাম মাওলা মুরাদ।

ম্যাচ শেষে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে উভয় দলের খেলোয়াড়, সাংবাদিক ও র‌্যাব কর্মকর্তাদের অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন