রোহিঙ্গাদের ওপর ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর চালানো নৃশংস অভিযানকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। দীর্ঘ আইনি লড়াই শেষে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া ঐতিহাসিক রায়ে আদালত বলেছে, মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদের অধীনে নিজের বাধ্যবাধকতা লঙ্ঘন করে উত্তর রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠী ও তাদের সদস্যদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন বিচারকরা। তবে ক্ষতিপূরণের পরিমাণ এখনই নির্ধারণ করা হয়নি। রায়টি বাংলাদেশের জন্যও বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, ওই সামরিক অভিযানে প্রাণ বাঁচাতে সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে কক্সবাজারের শরণার্থীশিবিরগুলোতে প্রায় ১২ লাখ রোহিঙ্গার বসবাস।
নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে বৃহস্পতিবার বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া। রায়ে তিনি বলেন, গণহত্যা অপরাধ প্রতিরোধ ও শাস্তি বিষয়ক সনদের আওতায় থাকা বাধ্যবাধকতা লঙ্ঘন করে মিয়ানমার উত্তর রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। নয়জন বিচারপতি রায়ের পক্ষে এবং ছয়জন বিপক্ষে অবস্থান নেন।
আদালতের পর্যবেক্ষণে ২০১৭ সালের সামরিক অভিযানে ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ, যৌন সহিংসতা এবং শিশুদের ওপর নৃশংস নির্যাতনের প্রমাণ উঠে এসেছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে।
আদালতের হিসাবে, ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়। নারী ও কিশোরীদের ওপর ব্যাপক যৌন সহিংসতা এবং শিশুদের বিরুদ্ধে চরম সহিংসতার ঘটনাও ঘটেছে। এমনকি প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময়ও রোহিঙ্গাদের ওপর হামলা চালানো হয়েছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব সহিংসতার পেছনে গণহত্যার উদ্দেশ্য বা জেনোসাইডাল ইনটেন্ট ছিল বলে আদালত তার রায়ে উল্লেখ করেছে। অর্থাৎ ঘটনাগুলোকে কেবল নিরাপত্তা অভিযান বা বিচ্ছিন্ন মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখার সুযোগ নেই; রোহিঙ্গা জনগোষ্ঠীকে লক্ষ্য করে সংঘটিত অপরাধের মধ্যে গণহত্যার উপাদান ও উদ্দেশ্য বিদ্যমান ছিল।
ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে
আদালত রায়ে মিয়ানমারকে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠী ও তাদের সদস্যদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। বিচারপতি ইউজি ইওয়াসাওয়া বলেন, মিয়ানমারের বাধ্যবাধকতা লঙ্ঘনের কারণে সৃষ্ট ক্ষতির জন্য দেশটিকে ক্ষতিপূরণ দিতে হবে, যতক্ষণ না পূর্বাবস্থায় ফিরিয়ে আনার মাধ্যমে সেই ক্ষতি পূরণ করা সম্ভব হয়।
তবে ক্ষতিপূরণের নির্দিষ্ট অঙ্ক কিংবা পরিশোধের পদ্ধতি এখনই নির্ধারণ করেনি আদালত। বিচারপতি বলেন, ক্ষতির মাত্রার সঙ্গে ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতির সামঞ্জস্য থাকতে হবে। এ বিষয়ে বিচারপ্রক্রিয়ার পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
রায়ের আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা অনুযায়ী, দুই বছরের মধ্যে মিয়ানমারকে একটি প্রতিবেদন তৈরি করে আদালতে জমা দিতে হবে। এতে রোহিঙ্গাদের কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং ক্ষতিগ্রস্তদের পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, তার বিস্তারিত বিবরণ থাকতে হবে।
গাম্বিয়ার মামলায় ঐতিহাসিক পরিণতি
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। দেশটির অভিযোগ ছিল, ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করে মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার চেষ্টা করেছে। হত্যাকাণ্ড, ধর্ষণ, গ্রাম জ্বালিয়ে দেওয়া এবং জোরপূর্বক বাস্তুচ্যুত করার ঘটনাগুলোকে গণহত্যার অংশ হিসেবে আদালতে তুলে ধরে গাম্বিয়া।
অন্যদিকে, মিয়ানমার বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছিল। দেশটির দাবি ছিল, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) পুলিশের বিভিন্ন চৌকিতে হামলা চালানোর পর নিরাপত্তা বাহিনী অভিযান পরিচালনা করে। তাদের ভাষ্য অনুযায়ী, ওই অভিযান ছিল সন্ত্রাসবিরোধী কার্যক্রম।
কিন্তু আদালতের পর্যবেক্ষণে সামরিক অভিযানের সময় সংঘটিত হত্যাকাণ্ড, যৌন সহিংসতা, শিশুদের ওপর নির্যাতন এবং পালিয়ে যাওয়া মানুষের ওপর হামলার বিষয়গুলো উঠে আসায় মিয়ানমারের সেই বক্তব্য বড় ধরনের আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে।
বাংলাদেশের ওপর দীর্ঘ শরণার্থী সংকটের দায়ভার
২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযান শুরু হওয়ার পর ব্যাপক প্রাণহানি ও নির্যাতনের মুখে সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। তাদের বড় অংশ কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন শরণার্থীশিবিরে বসবাস করছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ১৩ লাখের বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ১২ লাখ বাংলাদেশে অবস্থান করছে।
দীর্ঘ আট বছরের বেশি সময় ধরে এই বিপুল জনগোষ্ঠীর আশ্রয়, খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও নিরাপত্তার দায়িত্ব বহন করছে বাংলাদেশ। প্রত্যাবাসন নিয়ে বিভিন্ন সময়ে উদ্যোগ নেওয়া হলেও রাখাইনে নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত না হওয়ায় রোহিঙ্গাদের স্বেচ্ছায় ফিরে যাওয়ার পরিবেশ তৈরি হয়নি।
আইসিজের এই রায় তাই শুধু মিয়ানমারের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক আইনি সিদ্ধান্ত নয়; বাংলাদেশের দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের নেপথ্যের অপরাধের আন্তর্জাতিক স্বীকৃতিও। তবে রায়ের পর ক্ষতিপূরণ বাস্তবায়ন, রোহিঙ্গাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরির প্রশ্নগুলো নতুন করে সামনে এসেছে।
বিশেষজ্ঞদের দৃষ্টিতে, গণহত্যার দায় নির্ধারণের এই রায় রোহিঙ্গা জনগোষ্ঠীর ন্যায়বিচারের লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কিন্তু কেবল আদালতের রায় দিয়ে তাদের হারানো জীবন, সম্পদ, বসতভিটা ও নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব নয়।
মিয়ানমার রায় বাস্তবায়নে কী পদক্ষেপ নেয় এবং আন্তর্জাতিক সম্প্রদায় তা নিশ্চিত করতে কতটা কার্যকর ভূমিকা রাখে, এখন সেটিই বড় প্রশ্ন।
