চট্টগ্রামের কর্ণফুলীর জুলধায় নির্মিত সুপার পেট্রোকেমিক্যাল পিএলসির ক্রুড অয়েল রিফাইনারি স্থাপনে নতুন করে প্রাথমিক অনুমতি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
তবে রিফাইনারির নির্মাণকাজ শেষ হওয়ার পর পাওয়া এই অনুমতি উৎপাদন শুরুর চূড়ান্ত ছাড়পত্র নয়। এর আগে ২০২৫ সালের নভেম্বরে প্রতিষ্ঠানটির আবেদন নাকচ করেছিল মন্ত্রণালয়। সেই সিদ্ধান্তের পরও নির্মাণকাজ অব্যাহত থাকা, বিপিসির পর্ষদে তথ্য উপস্থাপন নিয়ে প্রশ্ন এবং একাধিক কমিটির পরিদর্শন-পর্যালোচনার মধ্য দিয়ে এবার অনুমতি পেল প্রতিষ্ঠানটি।
নতুন রিফাইনারিতে দৈনিক ৩৫ হাজার ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের পরিকল্পনা রয়েছে। ২০২৭ সালে ১২ লাখ টনের বেশি পরিশোধিত জ্বালানি বিপিসিকে সরবরাহের লক্ষ্যও নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ১৮ নভেম্বরের অফিস আদেশে ‘বেসরকারি পর্যায়ে অপরিশোধিত জ্বালানি তেল আমদানিপূর্বক মজুত, প্রক্রিয়াকরণ, পরিবহন ও বিপণন নীতিমালা-২০২৩’ অনুসারে এই প্রাথমিক অনুমতি দেওয়া হয়। বুধবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) গঠিত সাত সদস্যের কমিটির প্রতিবেদন পাওয়ার পর মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়। অর্থাৎ প্ল্যান্ট নির্মাণের পর সরেজমিন পরিদর্শন ও প্রশাসনিক পর্যালোচনা শেষে প্রাথমিক অনুমতির আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো।
তবে এই অনুমতির সঙ্গে বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। রিফাইনারি চালুর আগে ২০২৩ সালের নীতিমালার ৮.৫ অনুচ্ছেদসহ প্রযোজ্য সব শর্ত পূরণ করতে হবে। পরিবেশগত ছাড়পত্র, সরকারি বিভিন্ন দপ্তরের অনুমোদন, অনাপত্তিপত্র ও লাইসেন্স সংগ্রহ করতে হবে। নির্মাণ ও আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত অনুমোদনের জন্য আবেদন করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো, নতুন রিফাইনারিতে উৎপাদিত সব জ্বালানি পণ্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের কাছে সরবরাহ করতে হবে। ফলে প্রতিষ্ঠানটি নিজস্ব ব্যবস্থাপনায় এসব পণ্য বাজারজাত করার সুযোগ পাবে না। আবেদন নাকচ, নির্মাণ অব্যাহত সুপার পেট্রোকেমিক্যালের রিফাইনারি প্রকল্পের অনুমোদন প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি হয়েছে আগের আবেদন নাকচের পরও নির্মাণকাজ অব্যাহত থাকা নিয়ে।
নথি অনুযায়ী, ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর অপরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুত, প্রক্রিয়াকরণ, পরিবহন ও নিজস্ব ব্যবস্থাপনায় বিপণনের অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করে প্রতিষ্ঠানটি। বিদ্যমান সিআরইউ প্ল্যান্টের সঙ্গে নতুন ক্রুড অয়েল রিফাইনারি স্থাপনের পরিকল্পনাও তুলে ধরে তারা।
আবেদনের পরিপ্রেক্ষিতে ২৩ অক্টোবর বিপিসির তৎকালীন মহাব্যবস্থাপক জাহিদ হোসাইনকে আহ্বায়ক করে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়। পরে ইস্টার্ন রিফাইনারির একজন কর্মকর্তাকে যুক্ত করে কমিটি সাত সদস্যের করা হয়। ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি কমিটি কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে জুলধা ইউনিয়নে প্রতিষ্ঠানটির বিদ্যমান সিআরইউ প্ল্যান্ট ও প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শন করে।
ওই বছরের ৮ এপ্রিল বিপিসির চেয়ারম্যানের কাছে প্রতিবেদন জমা দেয় কমিটি। ২০ এপ্রিল প্রতিবেদনটি মন্ত্রণালয়ে পাঠানো হয়। প্রতিবেদনে নীতিমালা অনুসারে প্রাথমিক অনুমতি এবং নির্মাণ শেষে চূড়ান্ত অনুমোদনের বিষয়টি বিবেচনার সুপারিশ করা হয়েছিল। তবে প্রকল্পে মোট বিনিয়োগ, যন্ত্রপাতি ও প্রযুক্তির উৎস এবং প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার সংস্থান নিয়ে বিস্তারিত তথ্যের ঘাটতি ছিল।
এরপর ২০২৫ সালের ১৬ নভেম্বর সুপার পেট্রোকেমিক্যালের আবেদন নাকচ করে দেয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, প্রতিষ্ঠানটিকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুত, প্রক্রিয়াকরণ, পরিবহন ও বিপণনের ক্ষেত্রে নীতিমালার আওতায় কোনো চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি। তাই আবেদনটি বিবেচনার সুযোগ নেই।
কিন্তু আবেদন নাকচের পরও রিফাইনারির নির্মাণকাজ চলতে থাকে। ২০২৬ সালের ২৯ জানুয়ারি প্রতিষ্ঠানটি নতুন করে আবেদন করে। এবার বছরে ১৫ লাখ মেট্রিক টন ক্ষমতার ক্রুড অয়েল রিফাইনারি স্থাপনের পরিকল্পনা জানানো হয়। প্রতিষ্ঠানটির দাবি, নতুন রিফাইনারি চালু হলে বার্ষিক উৎপাদন সক্ষমতা দাঁড়াবে ১৫ লাখ ৪৬ হাজার ৩৮১ মেট্রিক টন। বিপিসির আপত্তি, পর্ষদে পুনরায় পর্যালোচনা নতুন আবেদনের পর ৩ ফেব্রুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বিপিসির মতামত চায়। ৮ ফেব্রুয়ারি বিপিসির ১০১৭তম বোর্ড সভায় বিষয়টি পর্যালোচনা করা হয়। সভার কার্যবিবরণীতে আগের আবেদন নাকচের বিষয়টি উল্লেখ করে নতুন করে অনুমতি দেওয়ার প্রস্তাব আরও গভীরভাবে পর্যালোচনার প্রয়োজন বলে মত দেওয়া হয়।
এরপর প্রতিষ্ঠানটির নতুন আবেদন ও প্রকল্পের অগ্রগতির তথ্য বিপিসির পর্ষদে উপস্থাপনের ক্ষেত্রে আগের আবেদন নাকচের বিষয়টি যথাযথভাবে তুলে ধরা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। এ নিয়ে ২৫ আগস্ট ছয় সদস্যের একটি কমিটি গঠন করে বিপিসি। কমিটিকে প্ল্যান্ট সরেজমিনে পরিদর্শন করে প্রক্রিয়াকরণ ক্ষমতা বৃদ্ধি ও নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন দিতে বলা হয়।
ওই কমিটির সদস্যসচিব ছিলেন বিপিসির বাণিজ্য ও অপারেশন্স বিভাগের উপব্যবস্থাপক তানজিন হোসেন। কমিটি গঠনের জন্য পর্ষদে উপস্থাপিত নোটে আগের আবেদন নাকচের তথ্য না থাকার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। তবে তানজিন হোসেনের বক্তব্য ছিল, নাকচের বিষয়টি একটি গোপনীয় চিঠির মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল।
সর্বশেষ ১০ নভেম্বর বিপিসির সচিব শাহিনা সুলতানার স্বাক্ষরিত অফিস আদেশে সাত সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। কমিটিকে ২০২৩ সালের নীতিমালার সব শর্ত পূরণ হয়েছে কি না, তা সরেজমিনে যাচাই করে উৎপাদন কার্যক্রমের অনুমোদনের বিষয়ে সুপারিশ দিতে বলা হয়। প্রতিবেদন জমার জন্য সময় দেওয়া হয় মাত্র তিন দিন।
বিপিসি-সংশ্লিষ্ট সূত্র জানায়, কমিটির সদস্যরা ১১ নভেম্বর সুপার পেট্রোকেমিক্যালের নির্মিত রিফাইনারি পরিদর্শন করেন। এরপর বিপিসি ভবনে দিনভর ও গভীর রাত পর্যন্ত দফায় দফায় বৈঠক হয়। ১৮ নভেম্বর কমিটি সরাসরি বিপিসি চেয়ারম্যানের কাছে প্রতিবেদন জমা দেয়। পরে চেয়ারম্যানের মাধ্যমে প্রতিবেদনটি মন্ত্রণালয়ে পাঠানো হয়। ওই প্রতিবেদন পাওয়ার পরই প্রাথমিক অনুমতি দেওয়া হয়। দৈনিক ৩৫ হাজার ব্যারেল তেল পরিশোধনের লক্ষ্য নতুন রিফাইনারি প্রকল্পের জন্য প্রতিষ্ঠানটি সৌদি আরবের লাইট ক্রুড অথবা সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড আমদানির পরিকল্পনা করেছে। ১৪ জুলাই জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে দেওয়া চিঠিতে দৈনিক ৩৫ হাজার ব্যারেল ক্ষমতার রিফাইনারি প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা চাওয়া হয়। সেখানে বার্ষিক সক্ষমতা সাড়ে ১৭ লাখ মেট্রিক টন উল্লেখ করা হয়েছিল।
পরবর্তী সময়ে ২৭ অক্টোবর বিপিসির চেয়ারম্যানের কাছে দেওয়া চিঠিতে ২০২৭ সালের জন্য চার লাখ টন লাইট ক্রুড এবং আট লাখ টন হেভি ক্রুড আমদানির অনুমতি চায় প্রতিষ্ঠানটি। অর্থাৎ এক বছরে মোট ১২ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানির পরিকল্পনা রয়েছে।
আমদানি করা কাঁচামাল পরিশোধন করে অকটেন, পেট্রোল, ডিজেল ও হাই সালফার ফার্নেস অয়েল উৎপাদন করে বিপিসিকে সরবরাহ করতে চায় তারা। পরিকল্পনা অনুযায়ী, নির্মাণাধীন ক্রুড ডিস্টিলেশন ইউনিট (সিডিইউ) ২০২৭ সালের মার্চে চালুর লক্ষ্য রয়েছে। এপ্রিল থেকে বিপিসিকে পরিশোধিত জ্বালানি সরবরাহের কথা বলা হয়েছে। ওই বছর মোট ১২ লাখ ৩ হাজার টন পরিশোধিত জ্বালানি সরবরাহের পরিকল্পনার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। বিদ্যমান প্ল্যান্টের সঙ্গে নতুন রিফাইনারির পার্থক্য সুপার পেট্রোকেমিক্যালের জুলধা কারখানায় আগে থেকেই সিআরইউ প্ল্যান্ট রয়েছে। এর বার্ষিক প্রায় ছয় লাখ ৫০ হাজার টন ন্যাফতা ও কনডেনসেট প্রক্রিয়াকরণের সক্ষমতা রয়েছে। বিপিসির পূর্বানুমোদন নিয়ে ইস্টার্ন রিফাইনারি থেকে ন্যাফতা, পেট্রোবাংলা থেকে দেশীয় কনডেনসেট এবং বিদেশ থেকে আমদানি করা কনডেনসেট সংগ্রহ করে প্রতিষ্ঠানটি পেট্রোলিয়াম পণ্য তৈরি করে আসছে।
বিপিসির তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটি অকটেন, পেট্রোল, ডিজেল, এমটিটি, লাইট এমএস ও এসবিপিএস মিলিয়ে দুই লাখ ৫৬ হাজার ৩৭ টন পেট্রোলিয়াম পণ্য সরবরাহ করেছে।
তবে ন্যাফতা ও কনডেনসেট প্রক্রিয়াকরণের বিদ্যমান প্ল্যান্ট এবং অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনের নতুন রিফাইনারি এক নয়। নতুন প্রকল্পে সরাসরি ক্রুড অয়েল আমদানি, মজুত ও পরিশোধনের জন্য আলাদা অনুমোদন প্রয়োজন। সে কারণেই ২০২৩ সালের নীতিমালার আওতায় নতুন করে অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়েছে প্রতিষ্ঠানটিকে।
অন্যদিকে রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের দ্বিতীয় ইউনিট স্থাপনের উদ্যোগও নিয়েছে সরকার। এ জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালট্যান্ট নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। সরকারি পর্যায়ে পরিশোধন সক্ষমতা বাড়ানোর উদ্যোগের পাশাপাশি বেসরকারি পর্যায়ে নতুন রিফাইনারি যুক্ত হলে দেশের জ্বালানি পরিশোধন অবকাঠামোয় নতুন সক্ষমতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে সুপার পেট্রোকেমিক্যালের ক্ষেত্রে এখন মূল প্রশ্ন হচ্ছে, প্রাথমিক অনুমতির পর বাকি শর্তগুলো কত দ্রুত পূরণ করা যায়। পরিবেশগত ছাড়পত্র, সরকারি দপ্তরের অনুমোদন, লাইসেন্স ও নীতিমালার অন্যান্য বাধ্যবাধকতা পূরণ না হওয়া পর্যন্ত উৎপাদন শুরু করা যাবে না। ফলে নির্মাণ শেষ হওয়ার পর প্রাথমিক অনুমতি পাওয়া প্রকল্পটির পরবর্তী অগ্রগতি নির্ভর করছে চূড়ান্ত অনুমোদন পাওয়ার ওপর।