মূল সংবাদে যান

সর্বশেষ

খেলা ও বিনোদন

৪০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণ, শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল

দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ক্রীড়া ইতিহাসের অন্যতম বৃহৎ ফুটবল আসর ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
৪০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণ, শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের ৪০ হাজার ২৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক কোটি ৬০ লাখ শিক্ষার্থী অংশ নেবে।

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এ তথ্য জানান। তাদের ভাষ্য, আগামী আগস্টের দ্বিতীয় সপ্তাহে প্রতিযোগিতার উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠান চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিযোগিতায় দেশের ১৯ হাজার ২১১টি মাধ্যমিক বিদ্যালয়, এক হাজার ৫৫৬টি স্কুল অ্যান্ড কলেজ, তিন হাজার ৩৮০টি কলেজ, নয় হাজার ২৯৬টি মাদ্রাসা এবং ছয় হাজার ৭৮৮টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেবে।

আয়োজকদের মতে, তৃণমূল পর্যায়ে ফুটবলের বিকাশ, নতুন প্রতিভা অন্বেষণ এবং শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই এ প্রতিযোগিতার মূল লক্ষ্য। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে শিক্ষার্থীদের দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাও এর অন্যতম উদ্দেশ্য।

প্রতিযোগিতাটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পর্যায়ের বালক ও বালিকাদের জন্য চারটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। মাধ্যমিক পর্যায়ের খেলা উদ্বোধনের পর উপজেলা পর্যায়ে শুরু হবে, যা ৯ থেকে ২০ আগস্ট পর্যন্ত চলবে। আর উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিযোগিতা শুরু হবে আগামী ৬ অক্টোবর।

উপজেলা, জেলা ও আঞ্চলিক পর্ব শেষে আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উপজেলা ও জেলা পর্ব পেরিয়ে আটটি অঞ্চলের ৩২টি দল আঞ্চলিক পর্বে অংশ নেবে।

আগামী অক্টোবরের শেষ সপ্তাহে ঢাকায় ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। চারটি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন দলগুলোকে পুরস্কৃত করা হবে।

টুর্নামেন্টকে ঘিরে শিক্ষার্থীদের জন্য রিলস, থিম সং ও মাসকট তৈরির প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে এসব প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পরিকল্পনার কথা জানান আয়োজকরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা দেশের সর্ববৃহৎ এই ক্রীড়া আয়োজন সফল করতে শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠক, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন