মূল সংবাদে যান

সর্বশেষ

খেলা ও বিনোদন

চট্টগ্রাম পলিটেকনিক মাঠে খেলতে নেমে ফেরা হলো না বিজয়ের

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে সহপাঠীদের সাথে খেলতে নেমে মাঝপথে হঠাৎ করেই সে মাটিতে লুটিয়ে পড়ে। সকলের সাথে উল্লাস, হাসি আর আনন্দে বলের পেছনে ছুটে চলা হবেনা তার। স্তব্ধতা আর কান্নার সুরে ভারী হয়ে উঠল যেন পুরোটা বিকেল।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
চট্টগ্রাম পলিটেকনিক মাঠে খেলতে নেমে ফেরা হলো না বিজয়ের

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের পদ্মপাড়া গ্রামের শিবু মহাজনের ছেলে বিজয় দত্ত (১৯) চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল টেকনোলজির ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থী। গত মঙ্গলবার ১১ নভেম্বর বিকেলে শেষবারের মতো বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে মাঠে নামে।

চিকিৎসকরা জানান, বিজয় স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছে। কর্তব্যরত চিকিৎসক বিজয়কে মৃত ঘোষণা করেন। যদিও প্রথমে সহপাঠীরা ভেবেছিল, হয়তো অতিরিক্ত গরম বা ক্লান্তির কারণে মাথা ঘুরে পড়েছে। কিন্তু মুহূর্তের মধ্যেই দেখা যায়, বিজয়ের আর কোনো সাড়া নেই।

সবাই মিলে বিজয়কে দ্রুত স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়, পরে সেখান থেকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের করিডোর তখন নিস্তব্ধ। কান্নার শব্দে ভারী হয়ে ওঠে বাতাস। কয়েক ঘণ্টা আগেও যে ছেলেটি হাসছিল, মাঠে বল দৌড়াচ্ছিল। সে এখন নিথর দেহে শুয়ে। বন্ধুরা কেউ অবিশ্বাসে তাকিয়ে থাকে, কেউ কান্নায় ভেঙে পড়ে।

নিহত বিজয়ের মামাতো ভাই বিধান মিত্র বলেন, “বিজয় ছোটবেলা থেকেই খুব প্রাণবন্ত ছিল। সবার মুখে হাসি ফোটাত, কখনো কাউকে কষ্ট দিত না। সকালে ফোনে কথা হয়েছিল ওর সঙ্গে, বিকেলে যে এমন খবর শুনব, ভাবতেই পারিনি। এক মুহূর্তে সব শেষ হয়ে গেল।”

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামাল হোসেন বলেন, “তার এভাবে অকালে চলে যাওয়া আমাদের অত্যন্ত মর্মাহত করেছে। গতকাল সন্ধ্যার পর আমি খবর পাই যে, সে মাঠে খেলার সময় লুটিয়ে পড়ে এবং পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা তার পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

সম্পর্কিত বিষয়

  • পলিটেকনিক

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন