এই জয়ের মাধ্যমে বাংলাদেশ শুধু সিরিজ জয়ই নয়, বরং দীর্ঘ সময় পর ঘরের মাঠে দাপটের প্রত্যাবর্তন ঘটালো। স্পিনে নিয়ন্ত্রণ, ব্যাটিংয়ে আগ্রাসন—সব মিলিয়ে টাইগারদের ছিল এক নিখুঁত দিন।
২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৮৩ রানের ব্যবধানে জয়ের রেকর্ড ভাঙা না গেলেও, এই জয়ে টাইগাররা ঘরের মাঠে ফিরে পেল জয়ের ধারাবাহিকতা। এর আগে ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ছিল সর্বশেষ সিরিজ জয়।
স্পিনের ঘূর্ণিতে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ-
২৯৭ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩০.১ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় সফরকারীরা। বাংলাদেশি স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাটাররা একে একে ফিরে যান সাজঘরে।
নাসুম আহমেদ ও রিশাদ হোসেন ছিলেন দিনের নায়ক—দুজনই ৩টি করে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তানভীর ইসলাম ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ পান ২টি করে উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আকিল হোসেইন সর্বোচ্চ ১৫ বলে ২৭ রান করেন। ব্র্যান্ডন কিং (১৮), কিসি কার্টি (১৫) ও জাস্টিন গ্রিভস (১৫) কিছুটা লড়াই করলেও দলীয় সংগ্রহ তিন অঙ্ক ছাড়ায়নি।
সৌম্য-সাইফের ঝড়ো সূচনা-
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ইনিংস গড়ে দেন দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতে রান আসে ঝড়ের গতিতে। সৌম্য সরকার: ৮৬ বলে ৯১ (৭ চার, ৪ ছক্কা) সাইফ হাসান: ৭২ বলে ৮০ (৬ চার, ৬ ছক্কা)
তাদের ১৪১ রানের উদ্বোধনী জুটি ম্যাচের ভিত্তি গড়ে দেয়। তবে এই জুটি ভাঙার পর কিছুটা মন্থর হয়ে পড়ে ইনিংস। তাওহীদ হৃদয় ২৮ ও নাজমুল হোসেন শান্ত ৪৪ রান করেন।
শেষ দিকে মেহেদী হাসান মিরাজ (১৭) ও নুরুল হাসান সোহান (১৬*) দলকে নিয়ে যান ২৯৬ রানে।
বোলিংয়ে আকিল হোসেইনের উজ্জ্বলতা-
ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন স্পিনার আকিল হোসেইন। তিনি ৪১ রানে ৪ উইকেট নেন। আথানাজে পান ২টি, আর মতি ও চেজ একটি করে উইকেট ভাগ করে নেন।
