এক দশকে চিকিৎসায় সাধারণ মানুষের নিজস্ব পকেট থেকে ব্যয়ের হার ৬৫ শতাংশ থেকে কমে ৪৩ শতাংশে নেমে এসেছে বলে সংশ্লিষ্টদের দাবি।
একই সময়ে চিকিৎসা সরঞ্জাম আমদানির ওপর নির্ভরতা কমিয়ে ভারতকে আন্তর্জাতিক মেড-টেক খাতের একটি গুরুত্বপূর্ণ উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রক্রিয়াও জোরদার হয়েছে।
আধুনিক হচ্ছে স্বাস্থ্য অবকাঠামো
‘প্রধানমন্ত্রী-আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশন’-এর আওতায় দেশটির ল্যাবরেটরি আধুনিকীকরণ, ক্রিটিক্যাল কেয়ার অবকাঠামো এবং রোগ নজরদারি ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে।
এর পাশাপাশি ‘জাতীয় চিকিৎসা সরঞ্জাম নীতি ২০২৩’ এবং ‘প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ’ (পিএলআই) প্রকল্পের মতো আর্থিক সহায়তামূলক উদ্যোগের মাধ্যমে উন্নত চিকিৎসা সরঞ্জামের দেশীয় উৎপাদন বাড়ানো হয়েছে। এর ফলে ৫০টির বেশি উন্নত চিকিৎসা সরঞ্জাম এখন ভারতেই উৎপাদিত হচ্ছে বলে সংশ্লিষ্টদের দাবি।
কমছে চিকিৎসার সময় ও খরচ
বিশেষজ্ঞদের মতে, আগে উচ্চমূল্যের চিকিৎসা সরঞ্জামের জন্য বিদেশের ওপর নির্ভরতা থাকায় চিকিৎসা ব্যয় বেড়ে যেত। দেশীয় উৎপাদন বাড়ার পাশাপাশি প্রযুক্তির ব্যবহার সম্প্রসারিত হওয়ায় সেই চাপ কমছে।
বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, সাশ্রয়ী ইমেজিং ব্যবস্থা এবং ডিজিটাল ডায়াগনস্টিকসের ব্যবহার বাড়ায় রোগ নির্ণয়ের সময় ও খরচ—দুটিই কমছে বলে দাবি করা হচ্ছে।
১৬ বিলিয়ন ডলারের মেড-টেক বাজার
বর্তমানে ভারতের মেড-টেক বাজার এশিয়ার চতুর্থ বৃহত্তম এবং বিশ্বে শীর্ষ ২০টি দেশের মধ্যে রয়েছে। প্রায় ১৫ থেকে ১৬ বিলিয়ন ডলারের এই বাজার বছরে প্রায় ১২ শতাংশ হারে বাড়ছে। ফলে এটি ভারতের দ্রুত বর্ধনশীল উৎপাদন খাতগুলোর অন্যতম হয়ে উঠেছে।
‘বিকশিত ভারত ২০৪৭’ লক্ষ্য সামনে রেখে দেশীয়ভাবে উন্নত ও সাশ্রয়ী চিকিৎসা সরঞ্জাম উৎপাদনের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে এসব পণ্য সরবরাহের ওপরও জোর দেওয়া হচ্ছে।
এর মাধ্যমে একদিকে চিকিৎসা সরঞ্জাম আমদানির ওপর নির্ভরতা কমানো, অন্যদিকে বৈশ্বিক মেড-টেক বাজারে ভারতকে একটি নির্ভরযোগ্য উৎপাদন ও সরবরাহকারী দেশ হিসেবে প্রতিষ্ঠা করাই সরকারের অন্যতম লক্ষ্য।