সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে ট্রাম্পের। বাণিজ্য, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, বৈশ্বিক নিরাপত্তা ও ইরান পরিস্থিতি বৈঠকের মূল আলোচ্য বিষয় হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
ইরান যুদ্ধের কারণে সফরটি আগে পিছিয়ে দেওয়া হয়েছিল। তবে চলমান সংঘাতের মধ্যেই শেষ পর্যন্ত ট্রাম্পের বেইজিং সফরকে আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
বিশ্লেষক ও সাবেক মার্কিন কর্মকর্তা কুর্ট ক্যাম্পবেল সফরটিকে “অত্যন্ত তাৎপর্যপূর্ণ” বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, একদিকে মধ্যপ্রাচ্যে সংঘাত চলছে, অন্যদিকে ইরানের ঘনিষ্ঠ অর্থনৈতিক অংশীদার চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই উচ্চপর্যায়ের বৈঠক নতুন কূটনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে চীনের অবস্থান এখন ওয়াশিংটনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, চীন দীর্ঘদিন ধরেই ইরানের বড় বাণিজ্যিক অংশীদার এবং তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিরোধিতা করে আসছে।
এদিকে ট্রাম্প সফরের আগে সাংবাদিকদের বলেন, চীনের সঙ্গে তাঁর আলোচনায় বাণিজ্যই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। তবে ইরান পরিস্থিতিও আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, বর্তমান অস্থির বৈশ্বিক পরিস্থিতিতে দুই পরাশক্তির সম্পর্ক স্থিতিশীল রাখার প্রচেষ্টার অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তবে সফর শেষে বড় কোনো সমঝোতা বা যৌথ ঘোষণা আসে কি না, সেদিকেই নজর রাখছে বিশ্ব।
