মঙ্গলবার (২৮ জুলাই) মেটার মালিকানাধীন প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য নতুন ফিচারটি উন্মুক্ত করার ঘোষণা দেয়।
হোয়াটসঅ্যাপ এক ব্লগ পোস্টে জানায়, বিভিন্ন ডিভাইসে যোগাযোগ আরও সহজ ও নিরবচ্ছিন্ন করতেই এ পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে যেসব অফিস কম্পিউটারে নতুন সফটওয়্যার ইনস্টল করার অনুমতি নেই বা যাঁরা শেয়ার করা ডিভাইস ব্যবহার করেন, তাঁদের জন্য এই সুবিধা বেশি কার্যকর হবে।
নতুন ওয়েব কলিং সুবিধায় একক অডিও-ভিডিও কলের পাশাপাশি গ্রুপ কলও করা যাবে। এছাড়া স্ক্রিন শেয়ারিং, ইমোজি রিঅ্যাকশন এবং কল হিস্ট্রি দেখার জন্য যুক্ত করা হয়েছে আলাদা ‘Calls’ ট্যাব।
একই সঙ্গে চালু হয়েছে ‘Call Transfer’ ফিচার। এর মাধ্যমে চলমান কোনো গ্রুপ কল বিচ্ছিন্ন না করেই মোবাইল ফোন থেকে ডেস্কটপে স্থানান্তর করা যাবে।
গ্রুপ কলকে আরও নিরাপদ করতে যুক্ত হয়েছে ‘Waiting Room’ সুবিধা। কল হোস্ট চাইলে ‘Require approval to join’ অপশন চালু রাখতে পারবেন। এতে আমন্ত্রণ লিংকে ক্লিক করা নতুন অংশগ্রহণকারীরা সরাসরি কলে যুক্ত না হয়ে অপেক্ষাকক্ষে থাকবেন। হোস্ট অনুমোদন দিলে তবেই তারা কলে যোগ দিতে পারবেন।
ভিডিও ও অডিওর মান উন্নত করতে যুক্ত করা হয়েছে ‘Quick HD’ ও ‘Noise Suppression’ প্রযুক্তি। ফলে কল শুরুর পরই উচ্চমানের ভিডিও পাওয়া যাবে এবং কোলাহলপূর্ণ পরিবেশেও অপ্রয়োজনীয় শব্দ কমিয়ে আরও পরিষ্কারভাবে কথা বলা সম্ভব হবে।
মেটা জানিয়েছে, নতুন আপডেটগুলো ধাপে ধাপে বিশ্বের সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
