ম্যাচে রেফারিং নিয়ে চলমান বিতর্কের মধ্যে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি প্রকাশ্যে মন্তব্য করেছেন, ‘মিশরের সঙ্গে ডাকাতি করা হয়েছে।’ তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পর থেকেই রেফারির সিদ্ধান্ত ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবহারের সমালোচনা শুরু হয়। পরে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) ম্যাচ পরিচালনা নিয়ে আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে অভিযোগ জমা দেয়।
এর একদিন পর বুধবার নিউইয়র্কে ‘নেক্সট স্টপ: বেটার বাসেস, ফাস্টার সার্ভিস’ কর্মসূচি ঘোষণা করতে গিয়ে বিশ্বকাপের সেই বিতর্কের প্রসঙ্গ টানেন মেয়র মামদানি। দ্রুতগতির বাসসেবার সুবিধা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ‘ছয় মাসে আপনার ২৪ ঘণ্টা সময় বাঁচবে। পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন, সন্তানের খেলায় উপস্থিত থাকতে পারবেন। আর বন্ধুদের সঙ্গে একমত হতে পারবেন যে, গতকাল মিশরের সঙ্গে ডাকাতি করা হয়েছে।’
তার এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ম্যাচটি নিয়ে নতুন করে বিতর্ক উসকে দেয়।
বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ম্যাচের ৫৮তম মিনিটের একটি সিদ্ধান্ত। তখন ১-০ গোলে এগিয়ে ছিল মিশর। মোস্তফা জিকোর করা গোলটি ভিএআরের পরামর্শে বাতিল করেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। রেফারির ব্যাখ্যা অনুযায়ী, গোল হওয়ার প্রায় ২০ সেকেন্ড আগে মাঠের অন্য প্রান্তে মিশরের মারাওয়ান আতিয়া আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজকে ফাউল করেছিলেন।
গোল বাতিলের পর ম্যাচের গতি পাল্টে যায়। আর্জেন্টিনা ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে।
ম্যাচ শেষে মিশর শিবির রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে। গোলদাতা মোস্তফা জিকো রেফারিংকে ‘অন্যায্য’ বলে আখ্যা দেন। প্রধান কোচ হোসাম হাসানও ম্যাচ পরিচালনা নিয়ে প্রশ্ন তোলেন।
এরই ধারাবাহিকতায় রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও ম্যাচ পরিচালনাকারী দলের সিদ্ধান্তের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ফিফার কাছে জমা দিয়েছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। তবে এ বিষয়ে ফিফার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
