মূল সংবাদে যান
খেলা ও বিনোদন

পহেলা বৈশাখে দেড় কিলোমিটারজুড়ে আল্পনা, বাড়ছে সম্প্রীতির রঙ

পহেলা বৈশাখ উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে প্রায় দেড় কিলোমিটারজুড়ে আল্পনা অঙ্কন করা হয়েছে, যা উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলেছে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
পহেলা বৈশাখে দেড় কিলোমিটারজুড়ে আল্পনা, বাড়ছে সম্প্রীতির রঙ

নগরীর সার্কিট হাউস থেকে শুরু হয়ে লাভলেইন ও কাজীর দেউড়ি হয়ে ঐতিহ্যবাহী ডিসি হিল পর্যন্ত বিস্তৃত এই আয়োজন ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

রবিবার (১২ এপ্রিল) রাত ১১টায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এই আল্পনা অঙ্কনের উদ্বোধন করেন। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির শিক্ষার্থী এবং শিল্পীরা অংশ নেন। তারা দলভিত্তিকভাবে লতাপাতা, ফুল, পাখি ও নানা লোকজ মোটিফের মাধ্যমে বাঙালির ঐতিহ্য ফুটিয়ে তোলেন।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, “দেড় কিলোমিটারজুড়ে নানা রঙে সড়ক সাজানো হচ্ছে। আমরা চাই আমাদের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মও এভাবেই রঙিন হয়ে উঠুক।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও বৌদ্ধসহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করলেও উৎসবের ক্ষেত্রে আমরা সবাই একতাবদ্ধ। এই আয়োজন সেই সম্প্রীতিরই প্রতীক।”

তিনি জানান, দেশের সংস্কৃতির গৌরব ও ঐতিহ্য বিশ্বে তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মকে তা ধারণে উদ্বুদ্ধ করাই এই আয়োজনের লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) হোসেন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরীফ উদ্দিন ও মো. সাইদুজ্জামান পাঠানসহ অন্যান্য কর্মকর্তারা।

জেলা প্রশাসক জানান, তাঁর কন্যাও আল্পনা অঙ্কনে অংশ নেয়। চিত্রাঙ্কনে দক্ষ এই কিশোরী আন্তর্জাতিক পর্যায়েও স্বীকৃতি অর্জন করেছে এবং আয়োজনের কথা শুনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সিএমপির কর্মকর্তা হোসেন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, পহেলা বৈশাখ উদযাপন ঘিরে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। ক্রাইম ডিভিশন, ডিবি, কাউন্টার টেরোরিজম ইউনিট ও সিটি স্পেশাল ব্রাঞ্চ যৌথভাবে মাঠে কাজ করবে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন