নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিলের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির চেষ্টা থেকে শুরু করে মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং, অবৈধ অস্ত্র, পাহাড় কাটা ও বালু উত্তোলন—সবকিছুকেই আইনশৃঙ্খলার সঙ্গে সম্পৃক্ত করে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বুধবার চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত বিশেষ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ রাজনৈতিক দল। বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে যাতে অরাজকতা, নৈরাজ্য বা সন্ত্রাস সৃষ্টি করতে না পারে, সে জন্য রাজনৈতিক ও আইনগত—দুইভাবেই মোকাবিলা করা হবে। জেলার আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা সতর্ক থাকবেন এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেবেন। তবে সভায় শুধু রাজনৈতিক অস্থিরতা নয়, নগরের দীর্ঘদিনের অপরাধ ও নাগরিক সংকট নিয়েও বিস্তৃত আলোচনা হয়। চুরি, ডাকাতি, ছিনতাই, অবৈধ অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণের পাশাপাশি পাহাড় কাটা ও অবৈধভাবে বালু উত্তোলনকেও অগ্রাধিকার দিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। এ্যানির ভাষায়, এসব কর্মকাণ্ড অনেক সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সঙ্গে সরাসরি যুক্ত হয়। তাই কোথায় যে সমস্যা, সেখানে তাৎক্ষণিকভাবে সমন্বয় করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, চট্টগ্রাম দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও অর্থনৈতিক অঞ্চল। এ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা জাতীয় অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ। তাঁর বক্তব্যে নতুন আইন প্রণয়ন ও আইন সংশোধনের প্রসঙ্গও উঠে আসে। দীর্ঘ সময়ের একটি প্রবণতা অল্প সময়ে পুরোপুরি পরিবর্তন করা কঠিন হলেও সরকারের উদ্যোগ রয়েছে বলে জানান তিনি। চট্টগ্রাম জেলা ও নগরের আইনশৃঙ্খলা উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখার কথাও বলেন।
সভায় নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়নে ভিন্ন একটি দিক সামনে আনেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তাঁর মতে, শুধু অভিযান, উচ্ছেদ কিংবা আইন প্রয়োগ করে নগরের দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান সম্ভব নয়। ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে জীবিকার তাগিদে সেখানে বসা ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করা হলেও বিকল্প ব্যবস্থা না থাকলে একই জায়গায় আবারও দখল ফিরে আসে। ফলে উচ্ছেদ-দখলের এই চক্র ভাঙতে পুনর্বাসন, সামাজিক নিরাপত্তা ও বিকল্প জীবিকার ব্যবস্থা জরুরি।
মেয়র বলেন, চট্টগ্রাম এখন কসমোপলিটন নগরী। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ জীবিকার সন্ধানে এখানে আসছেন। তাই নগর ব্যবস্থাপনার পাশাপাশি সামাজিক নিরাপত্তার বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিস্তারের পেছনে নৈতিক অবক্ষয়কে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন মেয়র। তাঁর মতে, দীর্ঘ সময় ধরে তরুণ ও কিশোরদের যথাযথ সামাজিক ও নৈতিক মূল্যবোধের শিক্ষা দেওয়া হয়নি। এ সংকট রাতারাতি দূর করা সম্ভব নয়; প্রয়োজন ধারাবাহিক সামাজিক ও রাষ্ট্রীয় উদ্যোগ। একই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা, সততা ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। শুধু প্রশাসনের ওপরের স্তরে পরিবর্তন আনলে হবে না, মাঠপর্যায়ের কর্মকাণ্ডেও দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে।
মেয়র আরো বলেন, চট্টগ্রামের নগর ব্যবস্থাপনায় দীর্ঘদিনের একটি বাস্তবতা হলো—অভিযান হয়, দখলমুক্ত করা হয়, কিন্তু কিছুদিন পর একই স্থান আবার দখলে চলে যায়। মেয়রের বক্তব্যে এ সমস্যার কাঠামোগত কারণটি সামনে এসেছে। তিনি বলেন, উচ্ছেদ অভিযানের পর সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে উদ্ধার করা জায়গা স্থায়ীভাবে ব্যবস্থাপনার আওতায় রাখতে হবে। বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বয় ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থার অংশ হিসেবে জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় তথ্যের ভিত্তিতে তালিকা করে বিভিন্ন এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য নাইট মার্কেট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগ্রাবাদ ও চকবাজারে এ কার্যক্রম শুরু হয়েছে বলে জানান মেয়র।
জননিরাপত্তার পাশাপাশি নগরের যানজট নিয়ন্ত্রণেও নতুন উদ্যোগের কথা এসেছে সভায়। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা চালু এবং বিভিন্ন এলাকায় ক্যামেরাভিত্তিক নজরদারি বাড়ানোর কাজ এগিয়ে যাচ্ছে বলে জানান মেয়র। কর্ণফুলী সেতু এলাকায় যানজট নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবী কার্যক্রম পুনরায় চালুর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। অতীতে স্বেচ্ছাসেবীদের কার্যক্রম যান চলাচল স্বাভাবিক রাখতে ভূমিকা রেখেছিল বলে উল্লেখ করেন তিনি। সেতুর টোল আদায়ের কারণে দীর্ঘসূত্রতা তৈরি হয়ে যানজট বাড়ছে কি না, সেটিও পর্যালোচনার আহ্বান জানান মেয়র।
সভায় নগরের স্বাস্থ্যঝুঁকিকেও নাগরিক নিরাপত্তার অংশ হিসেবে তুলে ধরেন মেয়র। ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ও টাইফয়েডসহ বিভিন্ন রোগের প্রকৃত কারণ শনাক্তে তথ্যভিত্তিক ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হয়। ডেঙ্গুর হটস্পট চিহ্নিত করে এলাকাগুলোকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করে কার্যক্রম পরিচালনার কথা জানান তিনি। তাঁর মতে, শুধু জ্বরের চিকিৎসা নয়, জ্বরের প্রকৃত কারণ শনাক্ত করাও জরুরি। শিশুদের পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি ও নাগরিক দায়িত্ববোধ তৈরিতে সিটি করপোরেশনের শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল হেলথ প্রোগ্রাম চালুর কথাও তুলে ধরেন মেয়র।
চট্টগ্রামের গণপরিবহন ব্যবস্থাকে সুশৃঙ্খল করতে কুলগাঁও এলাকায় একটি বড় বাস টার্মিনাল চালুর উদ্যোগের কথা জানান মেয়র। অল্প সময়ের মধ্যেই এটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এতে নগরের সড়কে গণপরিবহনের বিশৃঙ্খলা কমানো এবং যানজট নিয়ন্ত্রণে ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।
চট্টগ্রামের মতো দেশের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও অর্থনৈতিক অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সিটি করপোরেশন ও অন্যান্য প্রতিষ্ঠানের সমন্বিত কার্যক্রমের ওপরই এখন জোর দেওয়া হচ্ছে।