মূল সংবাদে যান
খেলা ও বিনোদন

চসিকের প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ বাস্তবায়নাধীন : মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হবে। এজন্য চসিকের প্রতিটি তথা ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়নাধীন।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
চসিকের প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ বাস্তবায়নাধীন : মেয়র

সোমবার (২০ অক্টোবর) নতুন মনসুরাবাদ সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নতুন মনসুরাবাদ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো. জানে আলম রনির সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মো. মনজুর আলম।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এখন পর্যন্ত ১১টি ওয়ার্ডে খেলার মাঠের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ধাপে ধাপে ৪১টি ওয়ার্ডেই খেলার মাঠ তৈরি করা হবে। আমরা চাই কিশোর ও তরুণ প্রজন্ম যেন মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে থেকে খেলাধুলায় মনোযোগ দেয়। এজন্য প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ, ওয়াকওয়ে ও শিশুদের জন্য ছোট পার্ক নির্মাণ করা হচ্ছে, যাতে সবাই সুস্থ ও সুন্দর পরিবেশে সময় কাটাতে পারে।

তিনি আরও বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর থেকে চট্টগ্রামকে একটি ক্লিন, গ্রিন, হেলদি, সেফ ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছি। এজন্য ডোর-টু-ডোর ময়লা সংগ্রহ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, যাতে কোন ময়লা নালা বা খালে না পড়ে। আমাদের লক্ষ্য হচ্ছে —একটি পরিচ্ছন্ন, সবুজ, নিরাপদ ও স্মার্ট নগরী উপহার দেওয়া।

চট্টগ্রামে উৎপাদিত বর্জ্য থেকে বিদ্যুৎ ও গ্যাস উৎপাদনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে জানিয়ে মেয়র বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো বর্জ্য থেকে গ্যাস উৎপাদনের ট্রায়াল উদ্বোধন করেছি। ভবিষ্যতে এই প্রকল্প পুরোপুরি বাস্তবায়িত হলে ডোর-টু-ডোর প্রকল্পের জন্য নাগরিকদের আর কোনো বাড়তি টাকা দিতে হবে না,”— বলেন মেয়র।

সম্পর্কিত বিষয়

  • খেলার মাঠ
  • চসিক
  • মেয়র

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন