তাঁদের মতে, সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, গণমাধ্যমের স্বাধীনতা সুসংহত করা এবং দেশের বিভিন্ন অঞ্চলের প্রেস ক্লাবগুলোর মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠায় একটি অভিন্ন প্ল্যাটফর্ম গঠন সময়ের দাবি।
শুক্রবার (৩ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে একই দিন চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতাদের যৌথ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াও।
জাতীয় প্রেস ক্লাবের পক্ষে আরও বক্তব্য দেন দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনক হোসেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম মহসীন এবং সদস্য শাহনাজ বেগম পলি ও মোহাম্মদ মোমিন হোসেন।
বক্তারা বলেন, গত দেড় দশকে দেশের গণমাধ্যম নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সাংবাদিক সমাজকে বিভাজনের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তাঁদের মতে, সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। বিভাগীয় প্রেস ক্লাবগুলোর সমন্বয়ে একটি ফেডারেশন গঠিত হলে সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
সভায় বক্তারা আরও বলেন, সবাই একসঙ্গে কাজ করলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। বর্তমানে সাংবাদিক সমাজের অনেক উদ্যোগ ব্যক্তিগত প্রচেষ্টার ওপর নির্ভরশীল হলেও ভবিষ্যতে প্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে সেগুলো আরও শক্তিশালী করা প্রয়োজন।
বক্তারা জুলাইয়ের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, সেই আন্দোলনের ধারাবাহিকতায় সাংবাদিক সমাজ আজ একসঙ্গে বসে মতবিনিময়ের সুযোগ পেয়েছে। এ কারণে জুলাইয়ের চেতনা সমুন্নত রেখে পেশাগত মর্যাদা, গণমাধ্যমের স্বাধীনতা এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভায় স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের উপদেষ্টা ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ।
চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষে আরও বক্তব্য দেন প্রেস ক্লাবের উপদেষ্টা ও কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল ওসমান গণি মনসুর, উপদেষ্টা কাজী আবুল মনসুর এবং কার্যকরী সদস্য ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ।
যৌথ সভায় বক্তারা আশা প্রকাশ করেন, জাতীয় প্রেস ক্লাব ও বিভাগীয় প্রেস ক্লাবগুলোর সমন্বয়ে একটি কার্যকর ফেডারেশন গঠিত হলে সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, দক্ষতা উন্নয়ন এবং গণমাধ্যমের বিকাশে নতুন দিগন্ত উন্মোচিত হবে।