মূল সংবাদে যান
টেকনোলজি

চ্যাটজিপিটি চালাতে কতটুকু পানি লাগে?

বিদ্যুৎ খরচে বিটকয়েন মাইনিংকেও ছাড়িয়ে যেতে পারে

আমাদের বাংলা সম্পাদকীয় দল
চ্যাটজিপিটি চালাতে কতটুকু পানি লাগে?

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যেমন আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করে তুলছে, তেমনি এর পরিবেশগত প্রভাব নিয়েও বাড়ছে উদ্বেগ। বিশেষ করে চ্যাটবট চালাতে যে পরিমাণ পানি ও বিদ্যুৎ প্রয়োজন হয়, তা নিয়ে সম্প্রতি আলোচনায় এসেছেন ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান।

একটি ব্লগ পোস্টে অল্টম্যান জানান, চ্যাটজিপিটিতে প্রতিটি প্রশ্নের উত্তরে গড়ে ০.০০০০৮৫ গ্যালন পানি খরচ হয়। এটি এক চা চামচের প্রায় পনের ভাগের এক ভাগ। অর্থাৎ, আপনি যদি চ্যাটজিপিটিতে ১৫টি প্রশ্ন করেন, তাহলে কেবল ওই উত্তরের পেছনে খরচ হয় প্রায় এক চা চামচ পরিমাণ পানি।

এই হিসাব শুনতে খুব ছোট মনে হলেও, বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের প্রতিদিনের ব্যবহারে এই পানি খরচের পরিমাণ বিশাল হয়ে দাঁড়ায়।

পানি ছাড়াও, প্রতিটি প্রশ্নের উত্তরে গড়ে ০.৩৪ ওয়াট-আওয়ার বিদ্যুৎ লাগে। তুলনায় বলা যায়, একটি মাইক্রোওয়েভ ওভেন এক সেকেন্ডে বা একটি এলইডি বাল্ব ২ মিনিটে যত বিদ্যুৎ খরচ করে, চ্যাটজিপিটির একটি উত্তরও ঠিক তত বিদ্যুৎ ব্যবহার করে।

স্যাম অল্টম্যান আশঙ্কা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে এআই প্রযুক্তির বিদ্যুৎ খরচ এতটাই বাড়তে পারে যে এটি একজন সাধারণ ব্যবহারকারীর মাসিক বিদ্যুৎ বিলের সমান হতে পারে।

চ্যাটজিপিটির মতো এআই চ্যাটবটগুলোর পেছনে কাজ করে বড় বড় ডেটা সেন্টার ও সার্ভার ফার্ম। এগুলো সচল রাখতে এবং ঠান্ডা রাখার জন্য প্রয়োজন হয় বিপুল পরিমাণ বিদ্যুৎ ও পানি। এই পানি মূলত সার্ভারের কুলিং সিস্টেমে ব্যবহৃত হয়, যাতে অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা যায়।

যদিও ওপেনএআই পানি ও বিদ্যুৎ খরচের পরিসংখ্যান প্রকাশ করেছে, তবে এর পূর্ণ গাণিতিক বিশ্লেষণ বা সূত্র এখনো জানানো হয়নি। বিশেষজ্ঞদের ধারণা, এই তথ্য দিয়ে মূলত এআই প্রযুক্তিকে ঘিরে তৈরি হওয়া পরিবেশগত সমালোচনার জবাব দেওয়া এবং কোম্পানির স্বচ্ছতা দেখানো হয়েছে।

বিশেষজ্ঞরা আরও বলছেন, সার্ভারের ক্ষমতা যত বাড়ে, তত বেশি তাপ উৎপন্ন হয়, ফলে পানি খরচও বাড়ে। তাই চ্যাটজিপিটির মতো প্রযুক্তি যত বেশি ব্যবহৃত হবে, ততই পরিবেশের ওপর চাপ বাড়বে।

যদি এই প্রবণতা অব্যাহত থাকে, তবে ২০২৫ সালের মধ্যে এআই প্রযুক্তি হয়তো বিদ্যুৎ খরচে বিটকয়েন মাইনিংকেও ছাড়িয়ে যেতে পারে—যা ইতোমধ্যেই বিশ্বব্যাপী বিশাল বিদ্যুৎ খরচের জন্য পরিচিত।

সম্পর্কিত বিষয়

  • কুলিং সিস্টেম
  • এআই প্রযুক্তি
  • সার্ভার ফার্ম

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন