দুই দিনব্যাপী এ উৎসব নগরীর সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আয়োজকরা জানিয়েছেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় বিদ্যানন্দ ফাউন্ডেশন দুই দিনব্যাপী এ আয়োজন করেছে। শনিবার সকাল সাড়ে ১০টায় সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন উৎসবের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মেয়র। এ সময় শিশুদের মাঝে ঈদ সালামি বিতরণ এবং ৫০ জন বৃদ্ধ নারীর হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
উদ্বোধনী বক্তব্যে মেয়র বলেন, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য নিরসনে বিদ্যানন্দ ফাউন্ডেশন যে ভূমিকা পালন করছে, তা প্রশংসনীয়। তিনি বলেন, “সমাজের বিত্তবানরা যদি ছিন্নমূল মানুষের অধিকার নিশ্চিত করেন, তাহলেই একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।”
বিদ্যানন্দ ফাউন্ডেশনের পরিচালক জামাল উদ্দিন বলেন, ঈদ সাম্য, সম্প্রীতি ও ত্যাগের বার্তা নিয়ে এলেও বাস্তবে সমাজে বৈষম্য ক্রমেই প্রকট হচ্ছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ‘গাহি সাম্যের গান’ উদ্ধৃত করে তিনি বলেন, ঈদের সময় ধনী-গরিবের পার্থক্য আরও স্পষ্ট হয়ে ওঠে।
তিনি আরও বলেন, অনেক পরিবার যেখানে নিত্যপ্রয়োজন মেটাতেই হিমশিম খায়, সেখানে ঈদ তাদের জন্য আনন্দের বদলে বয়ে আনে বিষাদ। এসব মানুষের সামাজিক সম্মান ও আত্মমর্যাদা রক্ষার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।
