মন্ত্রিসভার বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ১৮ মার্চও ছুটির সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। ঈদের ছুটি শুরুর আগে ১৭ মার্চ শবে কদরের ছুটি হওয়ার কথা। এর ফলে এবার কার্যত ছুটি হবে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিন। চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ ঈদুল ফিতর হতে পারে।
সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সে অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই ছুটি নির্ধারণ করা ছিল। এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা ছিল।
এখন ১৮ মার্চ ছুটি হওয়ায় কার্যত ঈদের আগে ছুটি হবে চারদিন। কারণ ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি হওয়ার কথা। ফলে ঈদের দিন এবং পরের দু’দিন মিলিয়ে এবার ঈদের মোট ছুটি হবে সাত দিন।
