মূল সংবাদে যান
বিশ্ব

গ্রেপ্তার বা প্রাণনাশের আশঙ্কা জেনেও দেশে ফিরবেন- রয়টার্সকে সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরের দিকে বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছেন।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
গ্রেপ্তার বা প্রাণনাশের আশঙ্কা জেনেও দেশে ফিরবেন- রয়টার্সকে সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী

দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি প্রাণনাশের আশঙ্কাও রয়েছে বলে উল্লেখ করলেও তিনি ফিরে আসার সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছেন।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, "মৃত্যুও যদি আসে, তবে তা নিজের দেশেই হোক—যেখানে আমার বাবা-মায়ের কবর রয়েছে।"

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। সাক্ষাৎকারে তিনি জানান, বাংলাদেশ সরকার তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতকে একাধিকবার অনুরোধ জানিয়েছে। তবে তিনি নিজ উদ্যোগেই দেশে ফিরবেন এবং এ বিষয়ে কোনো বিদেশি সরকারের সঙ্গে আলোচনা করেননি বলেও দাবি করেন।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং অনেকে আত্মগোপনে রয়েছেন। দেশে ফিরে তিনি দলের শীর্ষ নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করবেন। তবে কবে এবং কোন আদালতে আত্মসমর্পণ করবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেননি।

প্রতিবেদনে আরও বলা হয়, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের আরও কয়েকজন শীর্ষ নেতাও দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন।

সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, ভারতে অবস্থান করেই তিনি দল পুনর্গঠনের কাজ করছেন। তার দাবি, দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ইতোমধ্যে ১২৫টি আসনের নেতাদের সঙ্গে তিনি অনলাইনে বৈঠক করেছেন।

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তার বিরুদ্ধে রায় হতে পারে কিংবা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নাও থাকতে পারে। তবে একটি রাজনৈতিক দল নিষিদ্ধ হবে কি না, সেই সিদ্ধান্ত জনগণের হওয়া উচিত বলেও মন্তব্য করেন।

রয়টার্স জানায়, শেখ হাসিনার এসব বক্তব্যের বিষয়ে বাংলাদেশ সরকার কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন