মূল সংবাদে যান
জাতীয়

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ, ১৮ জুন অংশীজনদের সঙ্গে আলোচনা

আমাদের বাংলা সম্পাদকীয় দল
সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দলীয় অবস্থান বা সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে।

একই সঙ্গে দেশের ইতিবাচক পরিবর্তন, উন্নয়ন ও অগ্রযাত্রার বিষয়গুলোও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সামনে উপস্থাপন করতে হবে।

সোমবার (১৫ জুন) সচিবালয়ে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বার্তা সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে দেশের টেলিভিশন শিল্পের বিদ্যমান সংকট, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, চাকরির নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবু আব্দুল্লাহ এম ছালেহ জানান, গণমাধ্যম শুধু তথ্য পরিবেশনের মাধ্যম নয়, মানবিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এ লক্ষ্য সামনে রেখে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে আগামী ১৮ জুন সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বৈঠক শেষে উপস্থিত সাংবাদিক নেতারা জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় তারা সাংবাদিকদের পেশাগত সংকট ও নানা চ্যালেঞ্জের বিষয়গুলো তুলে ধরেছেন। একই সঙ্গে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, সাংবাদিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণ, নীতিগত সহায়তা এবং স্বাধীন সাংবাদিকতার অনুকূল পরিবেশ সৃষ্টির দাবি জানান তারা।

সাংবাদিক নেতারা আশা প্রকাশ করেন, সরকার ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি স্বাধীন, দায়িত্বশীল ও পেশাদার গণমাধ্যম পরিবেশ গড়ে উঠবে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন