গত ২ মার্চ জারি করা এ পরিপত্রে ২০১৯ ও ২০২১ সালের নির্দেশনার ধারাবাহিকতায় বিষয়টি পুনরায় নিশ্চিত করা হয়েছে।
পরিপত্রে বলা হয়, সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা নিশ্চিত করা, প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং আন্তদফতর সমন্বয় জোরদারের লক্ষ্যে প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সকল কর্মকর্তা-কর্মচারীর অফিসে উপস্থিতি নিশ্চিত করতে হবে।
উল্লেখ করা হয়, অনেক ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসার পথে সেমিনার, ওয়ার্কশপ, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অতিথি বক্তা হিসেবে অংশগ্রহণ, ব্যাংক, হাসপাতাল বা বিদ্যালয়ে ব্যক্তিগত বা দাফতরিক কাজে যুক্ত থাকার কারণে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকেন না। এতে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে জনসাধারণ ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রয়োজনীয় যোগাযোগ ব্যাহত হয়। ফলে নাগরিক সেবা, প্রশাসনিক কার্যক্রমের গতি এবং সরকারের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব পড়ে।
এ পরিস্থিতি বিবেচনায় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত আবশ্যিকভাবে নিজ অফিস কক্ষে অবস্থান করতে বলা হয়েছে। একই সঙ্গে দাফতরিক কর্মসূচি নির্ধারণের ক্ষেত্রেও এ সময়সীমা যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
পরিপত্রে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪–এর বিধান স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এসব বিধি অনুযায়ী নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করা বাধ্যতামূলক।
তবে কিছু ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না। শিক্ষা বা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মরত এবং প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত নন এমন শিক্ষক বা অনুষদ সদস্য; হাসপাতাল, জেলখানা, সংবাদ বা নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রোস্টার ডিউটিতে থাকা কর্মকর্তা-কর্মচারী; জরুরি গ্রাহকসেবায় নিয়োজিত কর্মী; মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ভিভিআইপি বা ভিআইপি প্রটোকল, আকস্মিক বড় দুর্ঘটনা মোকাবিলা, উন্নয়ন সহযোগী বা কূটনৈতিক মিশনের গুরুত্বপূর্ণ বৈঠক এবং অনুমোদিত সরকারি সফরের ক্ষেত্রে এ বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না।
পরিপত্রে আরও বলা হয়েছে, কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারী কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। দাফতরিক কাজ ব্যতীত অফিস সময়ে নিজ দফতর ত্যাগ করা যাবে না।
