এই বিষয়টি উঠে আসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-এর মধ্যে সম্প্রতি অনুষ্ঠিত এক টেলিফোনালাপে।
বৃহস্পতিবার (৩ জুলাই) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, “ফোনালাপে খুব চমৎকার পরিবেশে আলোচনা হয়েছে। উভয় পক্ষই দ্রুত নির্বাচন আয়োজনের পক্ষে আশাবাদ ব্যক্ত করেছেন।”
তিনি আরও বলেন, “মার্কিন পক্ষ থেকে জানতে চাওয়া হয় নির্বাচনের অগ্রগতি সম্পর্কে। আমরা জানিয়েছি, যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে এবং সংস্কার প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।”
এ সময় সংস্কার কার্যক্রমে যুক্তরাষ্ট্রের সমর্থনের কথাও উল্লেখ করেন উপদেষ্টা তৌহিদ হোসেন।
বাণিজ্য বিষয়ে শুল্ক আলোচনা
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যিক শুল্ক সংক্রান্ত একটি বৈঠক বৃহস্পতিবার ওয়াশিংটনে অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অংশ নিয়েছেন। “আমরা আশা করছি, আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানো সম্ভব হবে এবং বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে না।”
