মূল সংবাদে যান
অপরাধ

রেলের অনলাইন টিকিটিংয়ে ত্রুটি-অনিয়ম, স্বীকার প্রতিমন্ত্রীর

রেলের অনলাইন টিকিটিং ব্যবস্থার ত্রুটি ও অনিয়মের সুযোগ একটি মহল নিচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, সফটওয়্যারের সীমাবদ্ধতার কারণে টিকিট দ্রুত শেষ হয়ে যাওয়া এবং পরে বেশি দামে বিক্রির অভিযোগ উঠছে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
রেলের অনলাইন টিকিটিংয়ে ত্রুটি-অনিয়ম, স্বীকার প্রতিমন্ত্রীর

এ অবস্থা কাটাতে টিকিটিং ব্যবস্থা আরও স্বচ্ছ ও কার্যকর করতে কাজ চলছে।

শুক্রবার (২০ মার্চ) সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, অনলাইন টিকিটিং ব্যবস্থার দুর্বলতা সরকারের নজরে এসেছে এবং এ বিষয়ে মন্ত্রণালয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, “সফটওয়্যারের সীমাবদ্ধতার কারণে কিছু ক্ষেত্রে টিকিট খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। পরে সেই টিকিট বেশি দামে বিক্রির অভিযোগও উঠছে। এই পরিস্থিতিকেই একটি মহল সুযোগ হিসেবে নিচ্ছে।”

তিনি আরও বলেন, টিকিটিং ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে সফটওয়্যার উন্নয়নের নির্দেশ দেওয়া হয়েছে। যাতে কোনোভাবেই কালোবাজারি বা অনিয়মের সুযোগ না থাকে এবং যাত্রীরা সহজে ও নির্ভরযোগ্যভাবে টিকিট সংগ্রহ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

রেলসেবাকে আধুনিক করার উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আপাতত তিনটি ট্রেনে পরীক্ষামূলকভাবে ওয়াইফাই সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ সফল হলে পর্যায়ক্রমে অন্যান্য ট্রেনেও তা চালু করা হবে।

তিনি আরও বলেন, সরকার ট্রেন সেবাকে আধুনিক, সহজলভ্য ও যাত্রীবান্ধব করতে কাজ করছে, যাতে সাধারণ মানুষ কম খরচে নিরাপদ যাতায়াতের সুযোগ পান।

সম্পর্কিত বিষয়

  • রেল প্রতিমন্ত্রী
  • টিকিটিং অনিয়ম

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন