প্ল্যাটফর্মটির মাধ্যমে ঘরে বসেই দেশের যেকোনো প্রান্ত থেকে প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ আইনজীবীর সঙ্গে যোগাযোগ এবং আইনি পরামর্শ নেওয়া যাবে। এতে বিচারপ্রার্থী ও আইনজীবীদের মধ্যে যোগাযোগের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
ফাইন্ডমাইঅ্যাডভোকেট মূলত বিচারপ্রার্থী ও আইনজীবীদের মধ্যে ডিজিটাল সেতু হিসেবে কাজ করবে। প্ল্যাটফর্মটির অন্যতম বৈশিষ্ট্য ‘এআই-পাওয়ার্ড সার্চিং অ্যান্ড চ্যাটিং’ ব্যবস্থা। ব্যবহারকারীর আইনি সমস্যার ধরন বিশ্লেষণ করে এআই প্রযুক্তির মাধ্যমে উপযুক্ত আইনজীবী খুঁজে পেতে সহায়তা করবে এটি। পাশাপাশি সার্বক্ষণিক চালু থাকা ‘এআই লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট’-এর মাধ্যমে প্রাথমিক আইনি পরামর্শ নেওয়ার সুযোগও থাকছে।
প্ল্যাটফর্মটির তথ্যভান্ডারে দেশের সব জেলার নিবন্ধিত আইনজীবীদের তথ্য রয়েছে বলে জানানো হয়েছে। ফলে দেওয়ানি, ফৌজদারি, কর ও ভ্যাট, দলিল লেখক, বিবাহ ও তালাক নিবন্ধন এবং সাইবার অপরাধসহ বিভিন্ন বিষয়ে আইনি সহায়তা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। আইনজীবীদের অভিজ্ঞতা, রেটিং ও অবস্থানের তথ্য যুক্ত থাকায় ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী আইনজীবী নির্বাচন করতে পারবেন।
ফাইন্ডমাইঅ্যাডভোকেট প্ল্যাটফর্মে বাংলাদেশের ইহান চৌধুরীর তৈরি ‘সাইট্যাক্স এআই’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা মোবাইল ফোন থেকেই আইনি পরামর্শ নিতে পারবেন। প্রয়োজনে ভিডিও কল, আইনজীবীর চেম্বারে সরাসরি সাক্ষাৎ কিংবা বাসায় সাক্ষাতের জন্য সময় নির্ধারণের সুবিধাও রয়েছে।
শুধু বিচারপ্রার্থীদের জন্য নয়, আইনজীবীদের জন্যও নতুন সুযোগ তৈরি করছে প্ল্যাটফর্মটি। নতুন ও অভিজ্ঞ আইনজীবীরা অনলাইনে নিজেদের প্রোফাইল তৈরি করে প্র্যাকটিস পরিচালনা করতে পারবেন। পাশাপাশি আইনজীবীদের সময়সূচি ব্যবস্থাপনা ও ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও ডিজিটাল সুবিধা কাজে লাগানোর সুযোগ থাকছে।
সংশ্লিষ্টদের মতে, দেশের বিভিন্ন অঞ্চলে আইনি সহায়তা পাওয়ার ক্ষেত্রে যোগাযোগের সীমাবদ্ধতা ও আইনজীবী খুঁজে পাওয়ার জটিলতা রয়েছে। এআই-ভিত্তিক এ ধরনের প্ল্যাটফর্ম বিচারপ্রার্থীদের প্রয়োজন অনুযায়ী আইনজীবী খুঁজে পেতে সহায়ক হতে পারে। বিশেষ করে দূরবর্তী অঞ্চলে বসবাসকারী ব্যক্তিদের জন্য ডিজিটাল মাধ্যমে আইনজীবীর সঙ্গে যোগাযোগের সুযোগ আইনি সেবা গ্রহণের প্রক্রিয়াকে আরও সহজ করতে পারে।
তবে এআই-ভিত্তিক প্রাথমিক পরামর্শের পাশাপাশি জটিল বা গুরুত্বপূর্ণ আইনি বিষয়ে অভিজ্ঞ আইনজীবীর সরাসরি পরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।