মূল সংবাদে যান
অপরাধ

দুই হত্যা মামলায় ডেভিড ইমনের সাত দিনের রিমান্ড

চট্টগ্রাম মহানগরের আলোচিত দুটি হত্যা মামলায় মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের মোট সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে বাকলিয়া থানার ডাবল মার্ডার মামলায় পাঁচ দিন এবং বায়েজিদ বোস্তামী থানার সরোয়ার বাবলা হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল

বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ ও মো. আলমগীর হোসেনের আদালত পৃথক শুনানি শেষে এ আদেশ দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী জানান, রিমান্ড শুনানির জন্য বুধবার দুপুরে ডেভিড ইমনকে আদালতে হাজির করা হয়। বেলা সাড়ে ১২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে কারাগার থেকে আদালতে আনা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ৩০ মার্চ নগরের বাকলিয়া এক্সেস রোড এলাকায় একটি প্রাইভেটকার লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে মোহাম্মদ মানিক (৩০) ও আবদুল্লাহ (৩২) নিহত হন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ডেভিড ইমনকে প্রধান সমন্বয়ক ও অন্যতম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, বায়েজিদ বোস্তামী থানার সরোয়ার বাবলা হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেভিড ইমনকে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত এ মামলায় তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ২৯ জুলাই রাতে যশোরের কোতোয়ালী থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা পুলিশ। তিনি সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত।

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন