মূল সংবাদে যান
জাতীয়

সংসদে রাষ্ট্রপতির ভাষণ ঘিরে হট্টগোল, বিরোধী দলের ওয়াকআউট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে সংসদে হট্টগোলের ঘটনা ঘটেছে। ভাষণের প্রতিবাদে প্রধান বিরোধী দল জামায়াতের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেন।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
সংসদে রাষ্ট্রপতির ভাষণ ঘিরে হট্টগোল, বিরোধী দলের ওয়াকআউট

বৃহস্পতিবার বিকেলে সংসদের কার্যসূচি অনুযায়ী নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বিকেল ৩টা ৩৩ মিনিটে রাষ্ট্রপতি মোহাম্ম্দ শাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য আহ্বান জানান। এ সময় বিরোধী দলের এমপিরা নানা স্লোগানসংবলিত প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে বিক্ষোভ শুরু করেন। প্রায় তিন মিনিট পর রাষ্ট্রপতি অধিবেশন কক্ষে প্রবেশ করলে তাঁর সামনেই তারা বিক্ষোভ চালিয়ে যান।

প্রায় পাঁচ মিনিট ধরে অধিবেশন কক্ষে তীব্র হট্টগোল চলার পর বিকেল ৩টা ৪০ মিনিটে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমীর শ্ফিকুর রহমান এর নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা সংসদ থেকে ওয়াকআউট করেন। বিরোধী সদস্যদের বিক্ষোভের মধ্যেই রাষ্ট্রপতি তাঁর ভাষণ শুরু করেন। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারি দলের সদস্যরা সংসদে উপস্থিত ছিলেন।

এর আগে অধিবেশনের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ। জনগণের প্রত্যাশা পূরণে সংসদকে অর্থবহ করতে আমরা কাজ করব।” তিনি বলেন, দীর্ঘ দেড় দশক ধরে মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হয়েছিল এবং সংসদকে অকার্যকর করে ফেলা হয়েছিল। তবে বর্তমান সংসদ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সংসদ বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং যুক্তি ও বিতর্কের মাধ্যমে সংসদকে প্রাণবন্ত করা হবে। সংসদ পরিচালনায় স্পিকারের প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ দেশি–বিদেশি ৩১ জন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। তালিকায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ক্যাথলিক ধর্মগুরু পোপ ফান্সিস এবং সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এর নামও অন্তর্ভুক্ত করা হয়।

এদিকে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করেন আইনমন্ত্রীআসাদুজ্জামান।

অধিবেশনের কার্যক্রম ভিভিআইপি গ্যালারি থেকে পর্যবেক্ষণ করেন সদ্য সাবেক প্রধান উপদেষ্টা মোহাম্ম্দ ইউনুচ। তাঁর পাশে ছিলেন প্রধানমন্ত্রীর স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

বিরোধী দলের বিক্ষোভ ও ওয়াকআউটের মধ্য দিয়ে প্রথম দিনের অধিবেশন শেষ হয়। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশন আগামী রবিবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন। ওই দিন ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় কার্যদিবস শুরু হবে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন