গাড়িবহরটি শহরের প্রবেশমুখ মানিকছড়িতে প্রবেশ করলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে স্বাগত জানায় দীপেন দেওয়ানকে। মন্ত্রীর আগমন ঘিরে জেলা শহরসহ রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে ব্যানার তোরণ।
পরে মন্ত্রীর গাড়িবহরটিতে যোগ দেয় প্রায় দুই শতাধিক মোটরসাইকেল, জিপ, অটোরিকশা যোগে কয়েকশ নেতাকর্মী। এসময় রাস্তার দুইপাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মীরা গাড়িতে ফুল ছিটিয়ে দীপেন দেওয়ানকে স্বাগত জানান। এ সময় তার সাথে ছিলেন তার সহধর্মিণী মৈত্রী চাকমা, জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনসহ বিএনপির নেতাকর্মীরা।
পরে রাঙামাটি সার্কিট হাউজে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাঙামাটির জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং দেওয়া হয় গার্ড অব অর্নার।
দীপেন দেওয়ান সাংবাদিকদের বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের এখন সুষম উন্নয়ন হবে। আমি উন্নয়নের যেসকল প্রতিশ্রুতি দিয়েছিলাম সে সকল প্রতিশ্রুতি অবশ্যই পূরণ হবে। আমরা ১৮০ দিনের যে প্রকল্প হাতে নিয়েছি তা আপনারা চমক হিসেবে দেখবেন। স্বাস্থ্য, শিক্ষা ও আইনশৃঙ্খলা সহ সকল ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে। আমরা এখন জনগণের সেবক।’
