মূল সংবাদে যান
জাতীয়

আমরা চাই পরিস্কার পরিচ্ছন্ন একটা নির্বাচন দিতে: সিইসি

আমরা চাই একটি স্বচ্ছ নির্বাচন উপহার দিতে। লুকানো কোন নির্বাচন দিতে চাই না। রাতের অন্ধকারের ভোট চাই না। আমরা চাই পরিস্কার পরিচ্ছন্নতায় সবার দৃষ্টিগোচর হয়, এমন নির্বাচন।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
আমরা চাই পরিস্কার পরিচ্ছন্ন একটা নির্বাচন দিতে: সিইসি

রবিবার (১২ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সভা শেষে সাংবাদিকদের প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম নাসির উদ্দিন এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন, সিএমপি কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ, চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমদ প্রমুখ।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র শাপলা প্রতীক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিইসি বলেন, গণতন্ত্রায়নের পথে এনসিপি বাধা সৃষ্টি করবে না বলে আমি মনে করি। যারা এনসিপিতে নেতৃত্বে আছেন তারা ২০২৪ এর আন্দোলনে সম্মুখ সারিতে থেকে আন্দোলন করেছেন। আমি তাদের কোনো অংশে কম দেশপ্রেমিক ভাবতে চাই না। তারাও দেশের ভালো চান, তারাও দেশের গণতন্ত্র চান, আমার বিশ্বাস গণতন্ত্রের উত্তরণটা যাতে সুন্দর হয় সে বিষয়ে তারা সম্মতি দিবেন। তারা আমাদের সীমাবদ্ধতা সম্পর্কে জানে। এছাড়া কোনো দল নিবন্ধন যখন পায়, আমাদের যে নির্ধারিত প্রতীকের তালিকা- সেখান থেকে প্রতীক নিতে হয়। যেহেতু শাপলা আমাদের তালিকায় নেই, তাই দিতে পারিনি। এমনকি এখন পর্যন্ত তালিকার বাইরে কাউকে প্রতীক দেওয়া হয়নি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একটি বড় সমস্যা। তবে এআই সমস্যাটা শুধু আমাদের দেশের সমস্যা নয়। এটি বিশ্বের একটি সমস্যা। এআই এর ৫০ শতাংশ সোর্স শনাক্ত করা যায় না। আলোচনায় কেউ কেউ বলেছে ইন্টারনেট বন্ধ করতে। আমরা ইন্টারনেট বন্ধের পক্ষে নই। আমি চাই, তথ্য প্রভাব বজায় থাকুক।

সম্পর্কিত বিষয়

  • সিইসি
  • নির্বাচন

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন