মূল সংবাদে যান
পাঁচমিশালি

ইস্টার্ণ রিফাইনারীতে ৫৭ বছরে রেকর্ড অতিরিক্ত পরিশোধন

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড (ইআরএল) তাদের বার্ষিক পরিশোধন সক্ষমতা ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে। সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে ইআরএল ১৫ লাখ মেট্রিক টনের বিপরীতে ১৫ লাখ ৩৫ হাজার মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধন করেছে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
ইস্টার্ণ রিফাইনারীতে ৫৭ বছরে রেকর্ড অতিরিক্ত পরিশোধন

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড (ইআরএল) তাদের বার্ষিক পরিশোধন সক্ষমতা ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে। সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে ইআরএল ১৫ লাখ মেট্রিক টনের বিপরীতে ১৫ লাখ ৩৫ হাজার মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধন করেছে। এটি প্রতিষ্ঠার পর ৫৭ বছরে সর্বোচ্চ পরিমাণ তেল পরিশোধনের ঘটনা। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে ইআরএল হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইআরএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শরীফ হাসনাত।

এসময় উপস্থিত ছিলেন ইস্টার্ন রিফাইনারি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ নাসিমুল গনি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান আমিন উল আহসান।

প্রকৌশলী মো. শরীফ হাসনাত বলেন, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের উৎপাদন সক্ষমতা অতিক্রম করে এবার ১৫ লাখ ৩৫ হাজার মেট্রিক টন পরিশোধন সম্ভব হয়েছে। এটি আমাদের ইতিহাসে এক অনন্য মাইলফলক। এই অর্জন সম্ভব হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), বিপণন কোম্পানি এবং ইআরএল-এর সব কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টায়।

কর্মী সংকট দুরীকরণে সহযোগীতা চেয়ে ব্যবস্থাপনা পরিচালক বলেন, ১৪ ধরনের পেট্রোলিয়াম পণ্য উৎপাদন করতে গিয়ে বেশকিছু বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলেও আমরা ঐক্যবদ্ধভাবে তা জয় করেছি। এই ঐতিহাসিক মুহূর্তে সংশ্লিষ্ট সব অংশীজনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

উল্লেখ্য, ১৯৬৮ সালের মে মাসে বাণিজ্যিক উৎপাদন শুরু করে ইআরএল। তখন থেকেই আমদানিকৃত ক্রুড অয়েল পরিশোধন করে এলপিজি, পেট্রোল, অকটেন, কেরোসিন, ডিজেল ও ফার্নেস অয়েলসহ মোট ১৪ ধরনের পেট্রোলিয়াম পণ্য উৎপাদন করে আসছে প্রতিষ্ঠানটি। ইআরএল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে দেশের জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

সম্পর্কিত বিষয়

  • ইআরএল
  • পরিশোধন
  • বিপিসি

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন