করবেন বলে হুঁশিয়ার করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে নগরের এস এস খালেদ রোডে সিইউজে মানববন্ধন ও সমাবেশে এ মন্তব্য করেন তিনি। সাংবাদিক ও সাংবাদিকতার বিরুদ্ধে সিএমপি কমিশনারের সাম্প্রতিক হুমকি, বেআইনি ও অশিষ্টতাপূর্ণ আচরণের প্রতিবাদে এ মানবন্ধনের আয়োজন করা হয়।
তিনি বলেন, আমরা কোনো পুলিশ কর্তার বিরুদ্ধে রাস্তায় দাঁড়াইনি, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধেও দাঁড়াইনি। আমরা দাঁড়িয়েছি আমাদের সহকর্মীর প্রতি একজন পুলিশ কর্মকর্তার হুমকির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে।
সিইউজে যুগ্ম সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজের সহসভাপতি শহীদ উল আলম। তিনি বলেন, সাংবাদিকরা নিশ্চুপ থাকলে সমাজ অন্ধকারে নিমজ্জিত হবে। প্রকৃত সাংবাদিকদের কোনো বন্ধু নেই, সাংবাদিকদের প্রকৃত বন্ধু হলো জনগণ।
দৈনিক ইত্তেফাকের ব্যুরো চিফ সালাউদ্দিন মো. রেজা বলেন, সাংবাদিকরা জেগে উঠেছেন, তারা প্রতিবাদে রাজপথে নেমেছেন। আজকের এ প্রতিবাদী কর্মসূচিতে সবার উপস্থিতিই তার সুস্পষ্ট প্রমাণ।
সিএমপি কমিশনারকে উদ্দেশ্য করে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, আমরা আপনার কাছ থেকে সাংবাদিকতা শিখতে রাজি নই। আমরা আমাদের প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতি সম্পর্কে মানুষকে অবহিত করতে সাংবাদিকতা করি। তিনি সিএমপি কমিশনারের বক্তব্যকে ‘অশিষ্ট ও বেআইনী’ আখ্যা দিয়ে এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।
সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমদ বলেন, সাংবাদিকদের একটি অংশের নির্লজ্জতার কারণে আজ আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। এ সুযোগে পুলিশও সাংবাদিকদের উপর চড়াও হওয়ার চেষ্টা করছে।
সাবেক সভাপতি নাজিমুদ্দীন শ্যামল বলেন, সাংবাদিকরা তাদের নিরাপত্তা এবং সাংবাদিকতার স্বাধীনতার জন্য রাজপথে নেমেছেন। তবে সাংবাদিকতার নিরাপত্তা ও স্বাধীনতা আজও নিশ্চিত হয়নি।
চ্যানেল-২৪ এর প্রতিবেদক এমদাদুল হক বলেন, আমার নিউজে সিএমপির ট্রাফিক বিভাগের অনিয়ম দুনীতির সুষ্পষ্ট তথ্য তুলে ধরার পরও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে সিএমপি কমিশনারের হুমকি দেয়ার ঘটনা খুবই দুঃখজনক।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, সিইউজের সহসভাপতি স ম ইব্রাহিম, চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির সভাপতি খোরশেদুল আলম, ডেইলি স্টারের ব্যুরো চিফ শিমুল নজরুল, বিএফইউজের নির্বাহী সদস্য আজহার মাহমুদ, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুনা আনসারি, একুশে টিভির ব্যুরো চিফ হাসান ফেরদৌস, চট্টগ্রাম টিভি রিপোর্টার্স নেটওয়ার্কের আহ্বায়ক হোসাইন জিয়াদ, চট্টগ্রাম প্রেসক্লাবের প্রচার সম্পাদক খোরশেদুল আলম শামীম, সিইউজের প্রচার সম্পাদক মিনহাজুল ইসলাম, নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক ইফতেখার ফয়সাল প্রমুখ।
