সোমবার (১৮ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আকাশ দাস (২৬), অজিত দাস (২৪), রনি দাস (২৫), জুয়েল দাস (১৮) ও সোহাগ (৩২)। সবাই সীতাকুণ্ড এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, পিকআপ ভ্যানটিতে মোট ১০ জন মাছ ব্যবসায়ী ছিলেন। ঘটনাস্থলেই তিনজন মারা যান। তারা চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে মাছ কেনার জন্য যাচ্ছিলেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিসহকারী পরিচালক মো. আলমগীর হোসেন জানান, পিকআপটি দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়, আহত হয় আরও ৫ জন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে আরও ২ জনের মৃত্যু হয়। তারা সবাই মাছ ব্যবসায়ী, ফিশারি ঘাটে যাচ্ছিলেন মাছ আনার জন্য। পিকআপ ভ্যানটিতে ১০ জন মাছ ব্যবসায়ী ছিলেন।
ফায়ার সার্ভিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর ৪টা ৫৫ মিনিটে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ৫টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আগ্রাবাদ ফায়ার স্টেশনের ওই ইউনিট ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।