মূল সংবাদে যান

সর্বশেষ

অর্থ বাণিজ্য

রেলওয়ের নিয়োগে নম্বর জালিয়াতি, দুই সাবেক কর্মকর্তার কারাদণ্ড

বাংলাদেশ রেলওয়ের ট্রেড এপ্রেন্টিস পদে নিয়োগে পরীক্ষার নম্বরপত্রে ঘষামাজা ও জালিয়াতির মাধ্যমে প্রার্থীকে চাকরি দেওয়ার দুর্নীতির মামলায় দুই সাবেক কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

আমাদের বাংলা সম্পাদকীয় দল

দণ্ডিতদের মধ্যে রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধাকে দুই বছর এবং সাবেক এসডব্লিউও গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম বলেন, ১৬ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে নিয়োগ পরীক্ষার নম্বরপত্রে ঘষামাজা ও জালিয়াতির মাধ্যমে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুই আসামিকে কারাদণ্ড দিয়েছেন।

মামলার নথি অনুযায়ী, ২০০৯ ও ২০১০ সালে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে ট্রেড এপ্রেন্টিসের ৪০০টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এসব পদের বিপরীতে আবেদন করেন ৩৮ হাজার ৩১৭ জন। যাচাই-বাছাই শেষে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান ৮ হাজার ১৩৯ জন।

অভিযোগ অনুযায়ী, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করে লিখিত পরীক্ষায় অকৃতকার্য প্রার্থীদের উত্তীর্ণ দেখানো হয়। পরীক্ষার খাতা ও টেবুলেশন শিটে নম্বর কাটাকাটি, ঘষামাজা ও পরিবর্তনের মাধ্যমে কয়েকজন প্রার্থীকে অতিরিক্ত নম্বর দেওয়া হয়েছিল। এ ছাড়া বিধিবহির্ভূতভাবে আট নম্বর গ্রেস দিয়ে কিছু প্রার্থীকে উত্তীর্ণ করা হয়।

তদন্তে জেলা কোটা নিয়েও অনিয়মের তথ্য উঠে আসে। ৩২টি জেলা থেকে ৭১ জন প্রার্থী কম নেওয়া হলেও ২০টি জেলা থেকে ৭১ জন অতিরিক্ত প্রার্থী নেওয়ার সুপারিশ করা হয়। এতিম ও প্রতিবন্ধী কোটায় ৩৬ জন নিয়োগের সুযোগ থাকলেও নিয়োগ দেওয়া হয় মাত্র পাঁচজনকে।

মামলার অভিযোগে বলা হয়, নিয়োগ কমিটির সদস্যসচিব গোলাম কিবরিয়া, আহ্বায়ক হাফিজুর রহমান চৌধুরী এবং তৎকালীন মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে এসব অনিয়মে জড়িত ছিলেন। লিখিত পরীক্ষার ফল পরিবর্তন, জাল রেকর্ডপত্র তৈরি এবং অনিয়মের মাধ্যমে নিয়োগের সুপারিশ ও অনুমোদন দেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।

এ ঘটনায় দণ্ডবিধির ১৬৬, ১৬৭, ২১৭, ৪৭৭(ক) ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা হয়। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।

উল্লেখ্য, এর আগের দিন রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের রেকর্ড কিপার পদে নিয়োগ পরীক্ষার নম্বরপত্রে ঘষামাজা ও জালিয়াতির মাধ্যমে একজনকে চাকরি দেওয়ার মামলায় একই দুই কর্মকর্তাকে যথাক্রমে দুই ও তিন বছরের কারাদণ্ড দেন আদালত। ফলে পরপর দুই দিনে রেলওয়ের পৃথক দুটি নিয়োগ দুর্নীতির মামলায় দণ্ডিত হলেন তাঁরা।

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন