এ দায়িত্ব শুধু সরকারের নয়; রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ সমাজের সব পক্ষকে এগিয়ে আসতে হবে। কারণ অর্থনৈতিক অগ্রগতি কোনো সরকারের একক স্বার্থ নয়, এটি বাংলাদেশের প্রত্যেক মানুষের স্বার্থ।
মন্ত্রী বলেন, বিগত দিনে দেশের অর্থনীতি গুটিকয়েক মানুষের হাতে পুঞ্জীভূত ছিল। সেই অবস্থা থেকে বেরিয়ে এসে অর্থনীতির গণতন্ত্রায়ন করতে চায় সরকার। শুধু রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে একটি দেশ এগিয়ে যেতে পারে না; অর্থনীতিতেও সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অর্থনৈতিক কর্মকাণ্ডের সুফল যেন দেশের প্রতিটি মানুষ ভোগ করতে পারে, সেই ব্যবস্থা গড়ে তুলতে হবে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নগরের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার (সিআইটিএফ) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনীতির অগ্রগতির অন্যতম শর্ত হচ্ছে দেশের স্থিতিশীলতা। স্থিতিশীল পরিবেশ বজায় রাখা সম্ভব হলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে টেকঅফ করতে পারবে। বর্তমান সরকারের পরিকল্পনা বাস্তবায়নের জন্য এই স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। আগামী পাঁচ বছর দেশকে স্থিতিশীল রাখা গেলে কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণসহ অর্থনৈতিক উন্নয়নের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা সফলভাবে অর্জন করা সম্ভব হবে।
তিনি বলেন, বাংলাদেশের প্রত্যেক মানুষের সঙ্গে নিয়েই অর্থনৈতিক অগ্রগতির পথে এগোতে হবে। অর্থনীতিতে মানুষের অংশগ্রহণ বাড়াতে হবে। ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের সুযোগ সবার জন্য উন্মুক্ত করতে হবে। অর্থনৈতিক অগ্রগতির সুফল সীমিত কোনো গোষ্ঠীর মধ্যে আটকে থাকলে চলবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামে নিরাপদ ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার কাজ চলছে। নগরকে নিরাপদ রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে গ্রিন ক্লাব গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সিটি করপোরেশনের আর্থিক পরিস্থিতির কথা তুলে ধরে শাহাদাত হোসেন বলেন, একসময় সংস্থাটি ঋণের ভারে জর্জরিত ছিল। দেনা পরিশোধ করে এখন দেড়শ কোটি টাকা জমা রাখা হয়েছে। তবে চট্টগ্রামের অন্যতম সমস্যা হচ্ছে কার্যকর নগর সরকার না থাকা। একসময় নগর সরকারব্যবস্থা থাকলেও আওয়ামী লীগ সরকার তা রহিত করে দেয়। চট্টগ্রামকে সিটি গভর্নমেন্টের আওতায় আনার জন্য অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আবু সুফিয়ান। তিনি বলেন, স্বাধীনতার পর চট্টগ্রাম থেকে প্রথমবারের মতো অর্থমন্ত্রী পেয়েছে দেশ। ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে হয়রানি ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তাঁদের কাছে তুলে ধরেন। নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা বর্তমান সরকারের অঙ্গীকার। দেশ সবার, তাই দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
চিটাগাং চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, চট্টগ্রাম বিমানবন্দর, চট্টগ্রাম বন্দর ও কাস্টম হাউসকে ঘিরে অর্থমন্ত্রীর সুদূরপ্রসারী পরিকল্পনা সম্পর্কে তাঁরা জানতে চান। দেশের অর্থনীতিতে চট্টগ্রামের কৌশলগত গুরুত্ব বিবেচনায় এসব অবকাঠামোর উন্নয়ন ও কার্যকর ব্যবস্থাপনা জরুরি।
চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ বলেন, এবার ৩২তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করা হচ্ছে। শুরুতে এ মেলার উদ্দেশ্য ছিল চট্টগ্রামের মানসম্মত শিল্পপণ্য প্রদর্শন ও স্থানীয় উদ্যোক্তাদের পণ্য বাজারজাতের সুযোগ তৈরি করা।
প্রথম মেলা হয়েছিল জিমনেশিয়াম মাঠে। উদ্বোধন করেছিলেন জহির উদ্দিন সাহেব। তখন মেলার মেয়াদ ছিল মাত্র তিন দিন। তিনি বলেন, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগের সময় তিন ঘণ্টায় নামিয়ে আনা গেলে আকাশপথের ওপর চাপ কমবে। একই সঙ্গে দুই শহরের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগের ক্ষেত্রে নতুন গতি আসবে।
সিআইটিএফের চেয়ারম্যান ও চেম্বার পরিচালক এসএম সাইফুল আলম বলেন, এ মেলা আয়োজনের পেছনে চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এক মাসব্যাপী মেলা সুষ্ঠুভাবে পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি চট্টগ্রামবাসীকে মেলা পরিদর্শনের আমন্ত্রণ জানান। চেম্বারের সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন চৌধুরী চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য একটি স্থায়ী ভেন্যু নির্মাণে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠানে চেম্বার সভাপতি প্রধান অতিথি আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট উপহার দেন। চেম্বারের সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন চৌধুরী চসিক প্রশাসককে এবং সহসভাপতি মশিউল আলম স্বপন সংসদ সদস্য আবু সুফিয়ানকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে বরণ করেন।