মূল সংবাদে যান

সর্বশেষ

অর্থ বাণিজ্য

চট্টগ্রামে এলপিজি সংকট, ১,৫৮৫ টাকার সিলিন্ডার ২,৯০০ টাকা,

দেশে এলপিজির সরবরাহ স্বাভাবিক। আমদানিও হচ্ছে পর্যাপ্ত। অথচ চট্টগ্রামের খুচরা বাজারে ১২ কেজির সিলিন্ডার মিলছে না, মিললেও গুনতে হচ্ছে বাড়তি টাকা।

আমাদের বাংলা সম্পাদকীয় দল

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দাম ১ হাজার ৫৮৫ টাকা হলেও নগরের সর্বত্র তা বিক্রি হচ্ছে ২ হাজার ৯০০ টাকায়। অর্থাৎ, একই সিলিন্ডারে দামের ফারাক ১ হাজার ৩১৫ টাকা।

কোথাও আবার ‘গ্যাস নেই’ বলে দোকান বন্ধ। বেশি দাম দিলে সিলিন্ডার মিলছে—এমন অভিযোগও করছেন ক্রেতারা। তাহলে সংকটটা কোথায়—আমদানিতে, নাকি বাজারের কোনো স্তরে?

সরেজমিনে চট্টগ্রাম নগরের হামজারবাগ, বিবিরহাট, মুরাদপুর, ষোলশহর, দুই নম্বর গেট ও পলিটেকনিক মোড়সহ বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে এমন চিত্র পাওয়া গেছে। সেপ্টেম্বরে ১২ কেজি এলপিজির খুচরা দাম ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করে বিইআরসি।

কিন্তু বাজারে ২ হাজার ১৫০ টাকা থেকে ২ হাজার ৫০০ টাকা চাওয়া হচ্ছে। কোথাও দাম উঠেছে ২ হাজার ৯০০ টাকায়। এক ক্রেতার ভাষ্য, দোকানে গেলে বলা হচ্ছে সিলিন্ডার নেই। তবে বাড়তি দাম দিতে রাজি হলে কোথাও কোথাও সেটিই পাওয়া যাচ্ছে।

এক খুচরা বিক্রেতা বলেন, ‘আমরাই বেশি দামে কিনছি। ২৭০০-২৮০০ টাকা পড়ে।’ অন্য এক ব্যবসায়ীর দাবি, মূল সমস্যা ডিলার পর্যায়ে। তাঁর ভাষ্য, বেশি দামে সিলিন্ডার কিনতে হলে নির্ধারিত দামে বিক্রি করা সম্ভব নয়। সরবরাহ না থাকায় দোকান বন্ধ রাখার কথাও জানান তিনি। এলপিজির আমদানি কমে যাওয়াকে সংকটের কারণ হিসেবে দেখার সুযোগ নেই—এমন তথ্যই দিচ্ছে খাতসংশ্লিষ্টরা।

আগস্টে দেশে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ টন এলপিজি আমদানি হয়েছে। সেপ্টেম্বরে ২২ তারিখ পর্যন্ত এসেছে ১ লাখ ১৮ হাজার ৭৪২ টন। মাস শেষে আমদানির পরিমাণ প্রায় ১ লাখ ৫৬ হাজার টনে পৌঁছেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ২৮ সেপ্টেম্বর জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে আমদানিকারক ও অপারেটররাও দেশে এলপিজির সংকট নেই বলে জানান।

এরপরও বাজারে সিলিন্ডার না পাওয়া ও বাড়তি দামের অভিযোগ থাকায় ৩০ সেপ্টেম্বর জেলা প্রশাসকদের বিষয়টি তদন্তের নির্দেশ দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী। কোথায় কেন সংকট এবং কেন নির্ধারিত দামের বেশি নেওয়া হচ্ছে—তথ্য-প্রমাণসহ তা খতিয়ে দেখতে বলা হয়। বিইআরসির মাসিক মূল্য সমন্বয়কে ঘিরে বাজারে মজুতের প্রবণতা তৈরি হতে পারে বলে মনে করছেন কমিশনের কর্মকর্তারা। নতুন দাম ঘোষণার আগে বাড়তি লাভের আশায় কেউ কেউ সিলিন্ডার আটকে রাখছেন কি না, সেটিও নজরদারিতে রাখা হচ্ছে।

তবে লোয়াবের দাবি, এলপিজির সরবরাহ পর্যাপ্ত। কোনো অপারেটর বা ব্যবসায়ী বেশি দামে বিক্রি করলে এবং তার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। এলপিজির বড় অংশ আমদানিনির্ভর। আমদানি থেকে খালাস, ডিপো, পরিবেশক, ডিলার হয়ে খুচরা দোকান—এই দীর্ঘ সরবরাহশৃঙ্খলের যেকোনো একটি স্তরে সরবরাহ আটকে গেলে তার প্রভাব পড়ে বাজারে।

তাই শুধু দোকানে অভিযান চালিয়ে সংকটের কারণ বের করা কঠিন। কোন ডিলার কত সিলিন্ডার পেলেন, কত মজুত আছে, কত ছাড়লেন এবং শেষ পর্যন্ত কোন দামে বিক্রি হলো—এই হিসাব মিলিয়ে দেখার দাবি উঠেছে।

ভোক্তা অধিকারকর্মীদের অভিযোগ, নির্ধারিত দামে পণ্য না পাওয়া দীর্ঘদিনের সমস্যা। অতিরিক্ত দামে বিক্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর কার্যকর নজরদারি প্রয়োজন। বাসাবাড়িতে পাইপলাইনের গ্যাসের বিকল্প হিসেবে চট্টগ্রামের বহু পরিবার এখন এলপিজির ওপর নির্ভরশীল। ফলে সিলিন্ডারের দাম বাড়া মানেই বাড়ছে রান্নার খরচ। এক ভোক্তার ভাষায়, ‘সিলিন্ডারই ভরসা। সেটিও যদি নির্ধারিত দামে না পাই, সংসার চালানো কঠিন।’

সরকার বলছে সরবরাহে ঘাটতি নেই। আমদানিকারকরাও বলছেন সংকট নেই। অথচ বাজারে ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার ২ হাজার ৯০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তাহলে এলপিজি আছে কোথায়—আর সংকটটাই বা তৈরি করছে কারা? এই প্রশ্নের উত্তর এখন খুঁজছে চট্টগ্রামের ভোক্তা ও প্রশাসন—বন্দর থেকে ডিপো, ডিলার থেকে খুচরা দোকান পর্যন্ত পুরো সরবরাহব্যবস্থায়।

সম্পর্কিত বিষয়

  • এলপিজি

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন