রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দুপুরের পর থেকে হঠাৎ করেই এ সমস্যা শুরু হয়। অনেক ব্যবহারকারী ফেসবুকে লগইন করতে গিয়ে ‘Account Temporarily Unavailable’ বার্তা দেখতে পান। অন্যদিকে, কেউ কেউ সীমিত পরিসরে মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারলেও ওয়েব সংস্করণে প্রবেশে সমস্যার মুখে পড়েছেন।
ওয়েবসাইট ও অনলাইন সেবার ত্রুটি পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ডাউনডিটেক্টর-এর তথ্য অনুযায়ী, অল্প সময়ের মধ্যেই হাজারো ব্যবহারকারী ফেসবুক ও মেসেঞ্জারে প্রবেশ, লগইন এবং বিভিন্ন ফিচার ব্যবহারে সমস্যার অভিযোগ জানান। বিভিন্ন দেশে একই ধরনের সমস্যা দেখা দেওয়ায় এটি বৈশ্বিক সার্ভার বিভ্রাট বলে ধারণা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী জানান, হঠাৎ করে অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারায় তারা প্রথমে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে আশঙ্কা করেন। পরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে একই ধরনের অভিযোগ আসতে শুরু করলে বিষয়টি সার্ভারজনিত সমস্যা বলে স্পষ্ট হয়।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মেটা কর্তৃপক্ষ সার্ভার বিভ্রাটের কারণ বা সেবা পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাব্য সময় সম্পর্কে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।
