বন্দর সূত্র জানায়, গত মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে নিউমুরিং কন্টেনার টার্মিনালের (এনসিটি) ব্যাকআপ ইয়ার্ড থেকে একটি ট্রেইলারের মাধ্যমে কন্টেনারটি বের করে নেওয়া হয়। এ সময় অন-চেসিস অনুমতি, গেটপাস ও চালানসহ প্রয়োজনীয় নথি দেখানো হলেও পরে সেগুলো জাল বলে প্রমাণিত হয়।
ঘটনাটি জানাজানি হলে বন্দর নিরাপত্তা বিভাগ দ্রুত তৎপর হয়। প্রযুক্তিনির্ভর নজরদারি ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে দিনভর অনুসন্ধান চালানো হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে নগরের হালিশহর এলাকার বারনীঘাটে শাহজালাল ট্রাক টার্মিনালের পাশের একটি গ্যারেজে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট ট্রেইলারসহ কন্টেনারটি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়।
বন্দর সচিব রেফায়েত হামিম বলেন, কন্টেনারটি সংঘবদ্ধ একটি চক্র ভুয়া কাগজপত্র ব্যবহার করে বের করে নিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেটি উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শনাক্ত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং বন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলা দায়েরের আগে কন্টেনারের ভেতরে থাকা পণ্যের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা প্রয়োজন। এ জন্য বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ যৌথভাবে কন্টেনারটি পরীক্ষা করবে। তদন্তের স্বার্থে এখনই সংশ্লিষ্টদের পরিচয় প্রকাশ করা হয়নি। তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর বিস্তারিত তথ্য জানানো হবে।
