মূল সংবাদে যান
অপরাধ

মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব: চট্টগ্রাম থেকে ১০ ফ্লাইট বাতিল, দূতাবাসগুলোর সতর্কতা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগত মোট ১০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব: চট্টগ্রাম থেকে ১০ ফ্লাইট বাতিল, দূতাবাসগুলোর সতর্কতা

রবিবার (১ মার্চ) সকালে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রোববার চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যগামী ৩টি বহির্গামী এবং মধ্যপ্রাচ্য থেকে আগত ৭টি আগমনী ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

এর আগে গত শনিবার ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরুর পরিপ্রেক্ষিতে ছয়টি ফ্লাইট বাতিল করা হয়। বাতিল হওয়া বহির্গামী ফ্লাইটগুলোর মধ্যে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ইএ-১৪৭ (ঢাকা-চট্টগ্রাম-দুবাই), সম্ভাব্য ছাড়ার সময় সন্ধ্যা সাড়ে ৬টা; একই সংস্থার ইএ-১৫১ (ঢাকা-চট্টগ্রাম-শারজাহ), সম্ভাব্য সময় সন্ধ্যা সাড়ে ৭টা; এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স এর বিএস-৩৩৩ (ঢাকা-চট্টগ্রাম-দোহা), সম্ভাব্য সময় সন্ধ্যা সাড়ে ৫টা।

আগমনী ফ্লাইটের মধ্যে ছিল এয়ার আরাবিয়া এর জি৯-৫২০ (শারজাহ-চট্টগ্রাম), সম্ভাব্য স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টা; ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪৪ (দুবাই-চট্টগ্রাম), সম্ভাব্য সময় বিকেল ৩টা; এবং সালাম এয়ার এর ওভি-৪০৩ (মাস্কাট-চট্টগ্রাম), সম্ভাব্য সময় সন্ধ্যা ৫টা ৪০ মিনিট। চলমান পরিস্থিতি বিবেচনায় শনিবার এসব ফ্লাইট বাতিল করা হয়। তবে সংঘাতের মধ্যেও রোববার বিকেল ৪টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে জেদ্দার উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৫ ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

এদিকে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে—এমন কয়েকটি দেশে ইরানের হামলার খবর পাওয়া গেছে। এ পরিস্থিতিতে প্রবাসীদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সংযুক্ত আরব আমিরাত, লেবানন, কাতার, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা বাংলাদেশ দূতাবাস পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে প্রবাসীদের সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার এবং নিজ নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছে। প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে।

এরই মধ্যে কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশি কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সম্পর্কিত বিষয়

  • মধ্যপ্রাচ্য
  • ফ্লাইট বাতিল

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন