মূল সংবাদে যান
অপরাধ

এস আলম গ্রুপের কর্ণধারসহ ৬৮ জনের বিরুদ্ধে দুদকের দুটি মামলা

ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রায় তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদসহ ৬৮ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
এস আলম গ্রুপের কর্ণধারসহ ৬৮ জনের বিরুদ্ধে দুদকের দুটি মামলা

এর মধ্যে এক মামলায় ৩২ জন এবং অন্য মামলায় ৩৬ জনকে আসামি করা হয়েছে। গতকাল বুধবার দুদক চট্টগ্রাম কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রামের উপপরিচালক সুবেল আহমেদ।

গত বছরের ৭ অক্টোবর সাইফুল আলম, তাঁর স্ত্রী, সন্তান, ভাইসহ মোট ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।

দুদক সূত্র জানায়, একটি মামলায় এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে জনতা ব্যাংক থেকে নেওয়া ঋণের অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়, ২০০৯ সালের ২৫ আগস্ট থেকে চলতি বছরের ৬ মার্চ পর্যন্ত বিভিন্ন সময়ে ঋণ নিয়ে সুদে-আসলে ২ হাজার ৩২ কোটি ৩০ লাখ ৪৫ হাজার ৯১৮ টাকা আত্মসাৎ করা হয়েছে।

এ মামলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সাইফুল আলম মাসুদকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক আবদুল্লাহ হাসান, সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল আলমসহ এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েকজন পরিচালক ও জনতা ব্যাংকের কয়েকজন কর্মকর্তাকেও আসামি করা হয়েছে।

অপর মামলায় এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের নামে জনতা ব্যাংক থেকে নেওয়া ঋণ আত্মসাতের অভিযোগ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৬ মার্চ পর্যন্ত বিভিন্ন সময়ে ঋণ নিয়ে ১ হাজার ১৫২ কোটি ৫১ লাখ ১৪ হাজার ১০৭ টাকা আত্মসাৎ করা হয়। এ মামলায় প্রতিষ্ঠানটির পরিচালক শাহানা ফেরদৌস, ব্যবস্থাপনা পরিচালক মিসকাত আহমেদসহ জনতা ব্যাংকের দুজন কর্মকর্তাসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে।

এর আগে গত ৯ জুলাই সাইফুল আলম ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়। এ ছাড়া গত ২৪ জুন বিদেশে থাকা তাঁদের স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দেন আদালত। গত ১৭ জুন ১৮০ কোটি টাকার জমি ক্রোক করা হয় এবং এর আগে ১৪ জানুয়ারি গুলশান, ধানমন্ডি, উত্তরা ও বসুন্ধরাসহ বিভিন্ন এলাকায় প্রায় ২০০ কোটি টাকার স্থাবর সম্পদ ক্রোকের পাশাপাশি ৬৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়।

সম্পর্কিত বিষয়

  • এস আলম গ্রুপ
  • দুদক

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন